বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি বৈশ্বিক নাম। এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের স্মার্ট ও নিরাপদ লেনদেন প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আজ মঙ্গলবার, ২৪ জুন, রাজধানীর একটি হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গুগল পে চালু হচ্ছে গুগলের সঙ্গে অংশীদারিত্বে সিটি ব্যাংকের উদ্যোগে। আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসাও সহযোগী হিসেবে যুক্ত রয়েছে এই প্রকল্পে। উল্লেখযোগ্য বিষয় হলো, সিটি ব্যাংকই হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক, যারা সরাসরি গুগল পে’র সঙ্গে সংযুক্ত হচ্ছে।
এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এবং অত্যন্ত নিরাপদভাবে অর্থ লেনদেন করতে পারবেন। গুগল পে অ্যাপের মাধ্যমে এখন যেকোনো দোকান, শপিংমল বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে, যা আগের মতো প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড এবং ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাতে নিজের সিটি ব্যাংক কার্ড যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী দেশের ভেতরে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করতে পারবেন।
গুগল এই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের ফি নিচ্ছে না, যা গ্রাহকদের জন্য একটি বাড়তি সুবিধা হয়ে উঠবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থায় এই নতুন সংযোজন গ্রাহক অভিজ্ঞতাকে আরও গতিশীল এবং ঝামেলাহীন করে তুলবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ই-কমার্স ও অনলাইন পেমেন্টের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। এমন প্রেক্ষাপটে গুগল পে-এর মতো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মের আগমন নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির আরেকটি বড় ধাপ হিসেবে বিবেচিত হবে।

