জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া, সভায় উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত আরও ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়।
অনুমোদিত ১৭টি প্রকল্পের তালিকা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:
-
উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়, ২য় সংশোধিত)
-
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের জন্য সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়:
-
৭ বিভাগীয় শহরে ২০০ শয্যার মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ
নৌপরিবহন মন্ত্রণালয়:
-
৪টি নবনির্মিত মেরিন একাডেমিতে সিমুলেটর ও আনুষঙ্গিক সুবিধা স্থাপন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়:
-
নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকারে সহায়তা, কেস ম্যানেজমেন্ট ও স্থানীয় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়:
-
তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত)
শিল্প মন্ত্রণালয়:
-
সার সংরক্ষণ ও বিতরণের জন্য ১৩টি বাফার গোডাউন নির্মাণ (৩য় সংশোধিত, ৪র্থবার সময় বৃদ্ধি)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়:
-
কিশোর-কিশোরী ক্লাব স্থাপন (১ম সংশোধিত)
-
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা এবং কুইক রেসপন্স টিম কার্যক্রম
শিক্ষা মন্ত্রণালয়:
-
টিভিইটি টিচারস ফর দ্য ফিউচার (টিটিএফ) প্রোগ্রাম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়:
-
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)
পরিকল্পনা মন্ত্রণালয়:
-
উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা জোরদারে ডিজিটাল ডাটাবেজ স্থাপন (৩য় সংশোধিত)
-
পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন (আইপিআইএমএস)
-
ক্রয় ব্যবস্থার আধুনিকায়ন (পিএমআইপিএসডি)
-
পরিসংখ্যানগত সক্ষমতা ও আধুনিকায়ন (এসসিইএমপি)
অর্থ মন্ত্রণালয়:
-
ডিজিটাল অডিট ব্যবস্থার উন্নয়ন (এসপিএডিটিইসি)
-
রাজস্ব আদায় জোরদারে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি (এসডিআরএমপি)

