জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বেনাপোল কাস্টমস হাউসে ৫ ঘণ্টার কলমবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। তবে কর্মসূচির মধ্যেও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি ও যাত্রীসেবা চালু ছিল।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন কলমবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মসূচির কারণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাস্টম হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো শুল্কায়ন হয়নি। মূল ফটকে কলমবিরতির ব্যানার টানানো হয় এবং অনলাইন সার্ভার বন্ধ রাখা হয়। ফলে নতুন কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি।
এ সময় নতুন কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগে থেকে ইস্যু করা আইজিএম অনুযায়ী কিছু পণ্য চলাচল করেছে। দুপুর ২টার পর থেকে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে। কাস্টম হাউসের এক কর্মকর্তা বলেন, “এনবিআর চেয়ারম্যানের অধীনে রাজস্ব সংস্কার কার্যক্রম কার্যকর হবে না। তাই তাকে অপসারণ করতে হবে।”
এর আগে ১২ মে সরকার এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার অধ্যাদেশ জারি করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। পরে অর্থ মন্ত্রণালয় ২৫ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর বিলুপ্ত হচ্ছে না, বরং এটি একটি ‘স্বাধীন ও বিশেষায়িত বিভাগে’ রূপান্তর হবে।
এই ঘোষণার পর ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করে ঐক্য পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও তার সঙ্গে অসহযোগিতার ঘোষণা বহাল রাখে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় দেশের অন্যান্য কাস্টমস হাউসের মতো বেনাপোলেও কর্মসূচি পালন করা হয়।

