গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের চরে বসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মরিচের হাট। প্রতি হাটে এখানে লাল মরিচ বেচাকেনা হয় এক কোটিরও বেশি টাকায়। চরাঞ্চলের শত শত কৃষক শুকনো লাল মরিচ নিয়ে ছুটে আসেন ভোরবেলা। টকটকে লাল মরিচে সাদা বস্তা ভর্তি করে হাজির হন নৌকায় চড়ে।
জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় বসে এই হাট। এটি স্থানীয়ভাবে ‘লাল মরিচের হাট’ নামেও পরিচিত। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। তবে এই হাটের নিজস্ব স্থায়ী জায়গা নেই। ব্রহ্মপুত্রের জেগে ওঠা ব্যক্তিমালিকানাধীন চরে অস্থায়ীভাবে বসে হাটটি।
গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ১৬৫টি চর এলাকায় মরিচ চাষ হয়। এসব চরের মরিচই এই হাটে বেচাকেনা হয়। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি জামালপুর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে আসেন। নামকরা অনেক ফুড কোম্পানির প্রতিনিধিরাও এখান থেকে মরিচ কিনে থাকেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘাটে ভিড়ছে একের পর এক নৌকা। প্রতিটিতে ঠাসা মরিচ ভর্তি সাদা বস্তা। কেউ চালক, কেউ সহকারী—সবাই ব্যস্ত নিজেদের কাজে। যেন নদীজুড়ে এক চলমান জীবনের দৃশ্য। ঘাটে ভিড়লেই শুরু হয় বালুপথ ধরে হাটে যাওয়ার দৌড়। কেউ মাথায়, কেউ ঘোড়ার গাড়িতে করে মরিচ নিয়ে ছুটছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে হাট। মাঠজুড়ে চলে দরদাম। মরিচের মান অনুযায়ী তিন ধরনের শ্রেণিবিন্যাস—উত্তম, মধ্যম ও নিম্নমান। দামও তেমন ভিন্ন। হাট চলে দুপুর দুইটা পর্যন্ত। দেশের নানা প্রান্তের পাইকারদের সরব উপস্থিতি চোখে পড়ে।
স্থানীয় বিক্রেতারা জানান, চরাঞ্চলের মরিচ মানে মানসম্মত পণ্য। তাই দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন। তবে চলতি মৌসুমে দাম নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। গলনাচরের কৃষক জমির আলী জানান, “চার বিঘা জমিতে চাষ করেছি। ফলন ভালো। কিন্তু এবার তেমন দাম নেই। টাকাও উঠছে না ঠিকভাবে।” রতনপুরের কৃষক আকবর আলী বলেন, “গত বছর মণপ্রতি ৯ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত পাইকারি দাম ছিল। এবার শুরুতেই ৮ হাজার ছিল, পরে কমে এখন ৫ হাজার বলছে।”
ফজলুপুর ইউনিয়নের জলিল মিয়া জানান, “প্রতিবিঘা চাষে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কাঁচামরিচ ৪০-৫০ মণ হলেও শুকিয়ে থাকে ৭-৮ মণ। ১০ হাজারে বিক্রি করলে কিছু লাভ হতো। কিন্তু এবার দাম কম, তাই লাভও কম।” নওগাঁর এক ব্যবসায়ী বলেন, “দীর্ঘদিন ধরে এই হাট থেকে মরিচ কিনি। এখানকার মরিচের মান ভালো, চাহিদাও বেশি।”স বগুড়ার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “রাতে থাকার জায়গার অভাব ছাড়া আর সমস্যা নেই। আমরা নিয়মিত এখানে আসি।”
হাট ইজারাদার অহিদুল ইসলাম জানান, “এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মরিচের হাট। প্রতি হাটে প্রায় সোয়া কোটি থেকে দুই কোটি টাকার বেচাকেনা হয়। জেলার চরাঞ্চলের কৃষকরা মরিচ বিক্রি করেন এখানে। ঢাকাসহ বিভিন্ন জেলা ও কোম্পানির পাইকাররা এখানে আসেন।” কৃষি বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, “চরাঞ্চলের মাটি মরিচ চাষে উপযোগী। কৃষকরাও এখন মরিচ চাষে আগ্রহী। আমরা প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি।”
চরাঞ্চলের মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই এখানকার মরিচ হয় আকারে বড় ও উজ্জ্বল। ফলনও অন্যান্য এলাকার তুলনায় দ্বিগুণ বা ততোধিক হয়। বন্যার পানি নামার পর চাষ শুরু হয়, ২-৩ বার নিড়ানি দিলেই ভালো ফলন হয়। সারের প্রয়োজন পড়ে না, খরচও কম।

