বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মুদ্রার মান নির্ধারিত হবে এখান থেকেই। যৌক্তিক কারণ ছাড়া এক পয়সাও অবমূল্যায়নের সুযোগ নেই বলেও জানান তিনি। এজন্য তিনি অর্থনৈতিক অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনে গুগল পে-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, “বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন। তবে এই সম্ভাবনাকে নষ্ট করার সুযোগও সীমাহীন। আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।” ড. মনসুর জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক আগামী জানুয়ারি থেকে ‘রিস্ক বেজ সুপারভিশন’ চালু করবে। ইতিমধ্যে ২০টি ব্যাংকে এ কার্যক্রম চালানো হয়েছে।
তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কেবল কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা যথেষ্ট নয়। রাজনৈতিক সিদ্ধান্তও প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন। তার মতে, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
গভর্নর জানান, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় আগামী ডিসেম্বরের মধ্যেই কয়েকটি ব্যাংক একীভূত করা হবে। তিনি আশ্বস্ত করেন, এতে আমানতকারীদের কোনো ক্ষতি হবে না। গ্রাহকেরা তাদের বর্তমান ব্যাংক থেকেই আগের মতোই সেবা নিতে পারবেন।
একই অনুষ্ঠানে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এটি চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এটি দেশের প্রথম ব্যাংক, যা গুগল পে-এর সঙ্গে যুক্ত হলো।
প্রথম পর্যায়ে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা গ্রাহকেরা গুগল ওয়ালেটে কার্ড সংযুক্ত করে এই সেবা নিতে পারবেন। পরবর্তী সময়ে অন্য ব্যাংক যুক্ত হলে সেবাটি আরও বিস্তৃত হবে। গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশ ও বিদেশে যেকোনো POS টার্মিনালে স্মার্টফোন ট্যাপ করেই লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না। এই সেবার জন্য গুগল কোনো ট্রানজেকশন ফি নেয় না। নিরাপত্তার জন্য কার্ডের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহৃত হয়, যা ঝুঁকি কমায়।
অনুষ্ঠানে গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, সিইও মাসরুর আরেফিন, মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন, মাস্টারকার্ড ও ভিসার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব আমাদের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন। গুগল পে চালুর মাধ্যমে আমরা আবারও প্রমাণ করলাম, ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক এগিয়ে আছে।

