চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পেতে যাচ্ছেন। একইসঙ্গে তারা আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসাসেবা পাবেন। গতকাল সোমবার বাসসকে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন অনুদান ও মাসিক ভাতা পাবেন। একইসঙ্গে তাদের জন্য সনদ ও পরিচয়পত্রও ইস্যু করা হচ্ছে। আহতদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে— ‘এ’, ‘বি’ ও ‘সি’।
-
‘এ’ ক্যাটাগরি: গুরুতর আহত, যাদের চলাফেরা একা পক্ষে সম্ভব নয়, যেমন উভয় চোখ হারানো বা মারাত্মক অঙ্গহানি। মোট ৪৯৩ জন এই ক্যাটাগরিতে রয়েছেন।
তারা এককালীন ৫ লাখ টাকা ও মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। এর মধ্যে ২ লাখ টাকা ইতিমধ্যে পরিশোধ হয়েছে। বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে আগামী জুলাই মাসে।
এ ছাড়া তারা আজীবন সরকারি চিকিৎসাসেবা, উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দেশি-বিদেশি চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। গুরুতর আহত ৭ জনকে ইতিমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে। -
‘বি’ ক্যাটাগরি: মোটামুটি চলাফেরায় সক্ষম আহতরা, যেমন এক চোখ বা এক পা হারানো। এ ক্যাটাগরিতে ৯০৮ জন রয়েছেন।
তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। ইতিমধ্যে ১ লাখ টাকা দেওয়া হয়েছে এবং বাকি ২ লাখ টাকা আগামী মাসে দেওয়া হবে।
মাসে ১৫ হাজার টাকা ভাতা, প্রশিক্ষণ ও সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পরিচয়পত্রও পাবেন। -
‘সি’ ক্যাটাগরি: চিকিৎসার পর যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন, এমন ১০ হাজার ৬৪২ জন যোদ্ধা এই তালিকায়।
তারা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন। আগামী মাস থেকে তাদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্রও থাকবে।
গেজেট আকারে প্রকাশিত ৮৩৪ জন ‘জুলাই শহীদের’ তালিকা অনুযায়ী, প্রত্যেক শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে তাদের ১০ লাখ টাকা দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২৬ অর্থবছরে। এ ছাড়া প্রতি মাসে পরিবারগুলো ২০ হাজার টাকা করে ভাতা পাবে। শহীদ পরিবারের যোগ্য সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। তবে উপদেষ্টা জানান, ৮৩৪ জন শহীদের মধ্যে ১৩৪ পরিবারের ওয়ারিশ জটিলতা থাকায় অর্থপ্রদান কিছুটা বিলম্বিত হয়েছে। দ্রুত তা সমাধান করা হবে।
ফারুক-ই-আজম বলেন, স্বাধীনতার পর প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করতে ৫৪ বছর লেগেছিল। অথচ এই সরকার মাত্র সাত-আট মাসে ‘জুলাই যোদ্ধা’ ও শহীদদের তালিকা চূড়ান্ত করেছে। এটাই সরকারের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রমাণ। আহত যোদ্ধারা যেন কর্মজীবনে ফিরে যেতে পারেন, সে জন্য পুনর্বাসনমূলক কর্মসূচিও নেওয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি জাতীয় দিবস হিসেবেও পালন করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আহত যোদ্ধাদের তালিকায় কিছু ভুলচুক থাকলে তা তদন্ত সাপেক্ষে সংশোধন করা হচ্ছে।

