বিশ্বের প্রথম শহর হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে রাস্তায় নামল টেসলার চালকবিহীন রোবোট্যাক্সি। টেসলা এই পরীক্ষামূলক সেবা শুরু করায় একদিকে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, অন্যদিকে স্থানীয় সরকার চালকবিহীন যানবাহনের ওপর নজরদারি ও আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
রোববার সকালে চালকবিহীন ‘টেসলা মডেল ওয়াইএস’ গাড়ি চলতে দেখা যায় অস্টিন শহরের রাস্তায়। গাড়িগুলোর চালকের আসন খালি থাকলেও যাত্রী আসনে একজন করে মানুষ বসা ছিলেন, যাদের বলা হচ্ছে ‘নিরাপত্তা পর্যবেক্ষক’। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, সেদিন বিকালেই রোবোট্যাক্সি উদ্বোধন হয়েছে এবং এতে প্রতি ট্রিপে খরচ ধরা হয়েছে ৪ ডলার ২০ সেন্ট।
টেক্সাসের রাজধানী অস্টিনের সাউথ কংগ্রেস এলাকায়ও একাধিক চালকবিহীন টেসলা গাড়ি চলাচল করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই গাড়িগুলোর চিত্র দেখা গেলেও গাড়িতে যাত্রী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রোবোট্যাক্সি কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই টেক্সাস অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা চালকবিহীন গাড়ির জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেন। শুক্রবার রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট এক নতুন আইনে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়েছে, চালকবিহীন গাড়ি চালাতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে।
এই আইন আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, উভয় রাজনৈতিক দলই চালকবিহীন গাড়ির বিষয়টিকে সাবধানতার সঙ্গে পরিচালনার পক্ষে। ডেমোক্র্যাট দলের কয়েকজন আইনপ্রণেতা এর আগেই টেসলাকে অনুরোধ করেছিলেন, যেন নতুন এই সেবা চালু কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে টেসলা বা গভর্নরের দপ্তর কোনো মন্তব্য করেনি। এর আগে, ২০১৭ সালের এক আইনে টেক্সাসে স্থানীয় সরকারগুলোকে চালকবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে নিষেধ করা হয়েছিল। নতুন আইনে সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রোবোট্যাক্সি সেবার প্রচারে টেসলা বেশ কয়েকজন অনলাইন ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানায়। তারা পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২০টি গাড়ি অস্টিনের নির্দিষ্ট এলাকায় চালানোর সুযোগ পান। পুরো কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে টেসলা। নতুন আইনে বলা হয়েছে, চালকবিহীন গাড়ি চালানোর জন্য টেক্সাসের মোটর ভেহিকেল বিভাগের অনুমতি বাধ্যতামূলক। কোনো গাড়ি যদি জনসাধারণের জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে সেই অনুমতি বাতিল করতে পারবে সরকার। এ ছাড়া কোম্পানিগুলোকে জানাতে হবে, জরুরি পরিস্থিতিতে কীভাবে পুলিশ বা জরুরি বাহিনী গাড়ির সঙ্গে যোগাযোগ করবে। আইন অনুযায়ী, অনুমতি পাওয়া কঠিন নয়। তবে কোম্পানিকে প্রমাণ করতে হবে, তারা আইনের আওতায় নিরাপদভাবে গাড়ি চালাবে।
প্রতিবেদনে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে চালকবিহীন গাড়ি চালুর প্রতিশ্রুতি দিয়ে আসার পর এবার টেসলা এই উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হলো। মাস্ক জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং এই রোবোট্যাক্সি শুধুমাত্র নির্ধারিত এলাকায় চলবে। পরিষেবাটিতে বেশ কিছু বিধিনিষেধ থাকবে। যেমন, খারাপ আবহাওয়ায় কিংবা জটিল রাস্তায় রোবোট্যাক্সি চলবে না। ১৮ বছরের নিচে কোনো যাত্রী বহনও করবে না গাড়িগুলো।
চালকবিহীন গাড়ি বাণিজ্যিকভাবে চালানো এখনো ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। এর আগে জেনারেল মোটরসের ‘ক্রুজ’ সার্ভিস একটি দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায়। ফলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো টেসলা, ওয়েইমো এবং অ্যামাজনের ‘জুক্স’-এর ওপর কড়া নজরদারি শুরু করেছে। অন্যান্য কোম্পানি চালকবিহীন গাড়িতে লিডার ও রাডার প্রযুক্তি ব্যবহার করলেও টেসলা কেবল ক্যামেরা নির্ভর প্রযুক্তি ব্যবহার করছে। মাস্কের দাবি, এটি নিরাপদ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী

