ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতিতে ঘরোয়া বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে এবং ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে ভারত।
১২ দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই বিশ্ব বাজারে তেলের দামে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। ইরান হরমুজ প্রণালি বন্ধ করার হুমকিও দেয়, যা তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা হতে পারত। এই বাস্তবতায় ভারত আগাম প্রস্তুতি নিয়ে আমদানি বাড়িয়েছে।
বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিকেও চাপের মুখে ফেলেছে। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে খরচ বাড়বে। একই সঙ্গে আমদানি ব্যয় বাড়া, বৈদেশিক মুদ্রা সংকট এবং প্রবাসী আয় হ্রাসের মতো ঝুঁকিও রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের বৈশ্বিক সংকটে টিকে থাকতে হলে বাংলাদেশকে বিকল্প উৎসের ওপর জোর দিতে হবে। এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি এবং বহুমুখী আমদানি কৌশলের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবহারে সাশ্রয়ী ও পরিকল্পিত খরচ নিশ্চিত করতে হবে। ভারত আগাম ঝুঁকি বিবেচনায় বিকল্প উৎস থেকে মজুত বাড়ানোর উদ্যোগ আগেই নেয়। জুন মাসে দেশটি রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে, তা সৌদি আরব ও ইরাক থেকে সম্মিলিত আমদানিকে ছাড়িয়ে গেছে।
বিশ্ববাণিজ্য বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, জুনে ভারতীয় রিফাইনারিগুলো প্রতিদিন ২০-২২ লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করেছে—যা গত দুই বছরে সর্বোচ্চ। মে মাসে এ পরিমাণ ছিল ১৯.৬ লাখ ব্যারেল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়ে জুনে দাঁড়িয়েছে ৪.৩৯ লাখ ব্যারেল প্রতিদিন, আগের মাসে যা ছিল ২.৮ লাখ ব্যারেল। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে ভারতের আমদানি কমেছে। জুনে এ পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল।
বিশ্লেষক সুমিত রিতোলিয়া জানান, পারস্য উপসাগরমুখী খালি ট্যাংকার পাঠাতে এখন অনেক জাহাজ মালিক অনিচ্ছুক। ফলে ওই পথে চলাচলকারী জাহাজের সংখ্যা কমে ৬৯ থেকে ৪০-এ নেমে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রুশ তেল আমদানি বাড়ায়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তুলনামূলকভাবে সস্তা দামে তেল কিনে ভারত লাভবান হয়। আগে যেখানে ভারতের তেলের ১ শতাংশেরও কম আসত রাশিয়া থেকে, এখন তা ৪০-৪৪ শতাংশে পৌঁছেছে।
কেপলারের তথ্য অনুযায়ী, ইরান-ইসরায়েল সংঘাত এখন পর্যন্ত ভারতের সরাসরি তেল সরবরাহে প্রভাব ফেলেনি। তবে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারত। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের এলএনজি এই পথেই বহন করা হয়। ভারতের আমদানিকৃত তেলের ৪০ শতাংশ ও গ্যাসের প্রায় অর্ধেকই এই রুটের ওপর নির্ভরশীল।
রিতোলিয়া জানান, ভারতের তেল আমদানির কৌশলে বড় পরিবর্তন এসেছে। রাশিয়ার উরালস, ইএসপিও ও সোকোল জাতের অপরিশোধিত তেল হরমুজ প্রণালির বাইরে—এগুলো আসে সুয়েজ খাল, আফ্রিকার দক্ষিণ প্রান্ত বা প্রশান্ত মহাসাগরের পথে।
ভারতের পরিশোধনাগারগুলো বর্তমানে অনেক বেশি নমনীয়। তারা বিভিন্ন জাতের অপরিশোধিত তেল পরিশোধনে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আসা তুলনামূলক ব্যয়বহুল তেলও এখন কার্যকর বিকল্প হিসেবে বিবেচনায় নিচ্ছে

