পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে বিশেষ অবদান রাখায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড। এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান অদিতি সোনিয়া মনসুর। সম্মাননাটি তুলে দেন সরকারের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সুনিভার্স কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি স্বীকৃতি নয়—বরং পরিবেশবান্ধব, দায়িত্বশীল এবং টেকসই শিল্প গড়ার প্রতিশ্রুতি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
২০১৪ সালে প্রতিষ্ঠিত সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড একটি শতভাগ রফতানিমুখী সিনথেটিক জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। শুরু থেকেই তারা পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি দেশের প্রথম লিড-গোল্ড সনদপ্রাপ্ত ফুটওয়্যার ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কারখানাটি ময়মনসিংহের ভালুকায় সবুজ পরিবেশে গড়ে তোলা হয়েছে। এখানে বর্তমানে কাজ করছেন ২৭৭ জন শ্রমিক। তাদের জন্য রয়েছে—শিশু পরিচর্যা কেন্দ্র, মেডিকেল সেন্টার, প্রশিক্ষণ সুবিধা, পরিচ্ছন্ন ক্যান্টিন, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারি। শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

