বাংলাদেশের অর্থনৈতিক সূচক একসময় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত উন্নয়ন মডেলের প্রতিচ্ছবি ছিল। পরিসংখ্যান বলছে—দারিদ্র্যের হার কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, শিশুমৃত্যু কমেছে, সাক্ষরতার হার বেড়েছে, প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়, রপ্তানি খাতে অগ্রগতি ,বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সময় ছাড়িয়েছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ—এসব সূচকে দীর্ঘদিন ধরে ইতিবাচক ধারা বজায় থাকায় বাংলাদেশকে অনেক সময়েই “উন্নয়নশীল বিস্ময়” হিসেবে তুলে ধরা হতো। তবে প্রশ্ন উঠছে—এই পরিসংখ্যান কি সাধারণ মানুষের জীবনের বাস্তবতাকে যথাযথভাবে প্রতিফলিত করে।
বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বে যেসব আশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছে, সেগুলো ছিল অর্থনৈতিক উত্তরণের একটি সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত। তবে সাম্প্রতিক অর্থবছরগুলোতে এই সংখ্যা ও চার্টের বাইরে যখন আমরা গ্রামীণ জনপদে যাই, শহরের অলিগলিতে হেঁটে বেড়াই, কিংবা তরুণদের কর্মসংস্থান নিয়ে কথা বলি—তখন স্পষ্ট হয়, উন্নয়নের এই চিত্র পুরোপুরি সার্বজনীন নয়।
বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চিকিৎসা ও শিক্ষায় বৈষম্য, দুর্বল অবকাঠামো, মূল্যস্ফীতি বেড়েছে, বৈদেশিক রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমেছে, প্রবৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কমে এসেছে এবং বিশেষ করে যুব বেকারত্ব—সব মিলিয়ে অর্থনৈতিক অগ্রগতির বাস্তব প্রতিফলন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ফলে বর্তমানে দেশের অর্থনৈতিক সূচকগুলোতে যেমন রয়েছে কিছু অর্জনের প্রভাব, তেমনি রয়েছে এক নতুন বাস্তবতার প্রতিফলন—যেখানে সংখ্যার চেয়ে জীবনের মান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমন বাস্তবতায় প্রশ্ন উঠে—পরিসংখ্যানে যে ‘উন্নয়ন’ ধরা পড়ে, তা কি প্রতিটি নাগরিকের জীবনে ছুঁয়ে যেতে পেরেছে? নাকি কিছু গোষ্ঠীর সীমিত সাফল্যকে সামগ্রিক উন্নয়ন হিসেবে উপস্থাপন করা হচ্ছে?
উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া: বাংলাদেশ গত দুই দশকে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে, যা শুধু পরিসংখ্যানেই নয় বাস্তবতায়ও স্পষ্ট। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার নেমে এসেছে ১৮ দশমিক ৭ শতাংশে—যেখানে ২০০০ সালে এই হার ছিল প্রায় ৪৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ এক সময় যেখানে প্রায় অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করত, এখন তা এক- চতুর্থাংশেরও নিচে নেমে এসেছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে একটি বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকেও বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিশুমৃত্যু হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধির মতো মানবিক সূচকগুলোতে উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। এসব উন্নয়ন মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ২০২৩–২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার, যা ২০২৪–২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় তিন লাখ ৪০ হাজার টাকার সমান। এই আয় শুধু অর্থনৈতিক সক্ষমতারই প্রতিফলন নয়, বরং দেশের উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের বিস্তৃত চিত্রও তুলে ধরে।
শহরাঞ্চলে দেশের অবকাঠামোগত উন্নয়ন বিশেষভাবে দৃশ্যমান। রাজধানী ঢাকায় চালু হওয়া মেট্রোরেল, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পদ্মা সেতু, দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং শিল্প খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন—এসব উদ্যোগ বাংলাদেশের উন্নয়নের চিত্র আরও সুস্পষ্ট করে তুলেছে। এই ধরনের বৃহৎ প্রকল্প শুধু যোগাযোগ ও ব্যবসায়িক গতিশীলতাই বাড়ায়নি, বরং কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণ করে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে। এটি দেশের জন্য একটি বড় অর্জন। যা অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রচেষ্টারই স্বীকৃতি।
অর্থনীতির কাঠামোও ধীরে ধীরে কৃষিনির্ভরতা থেকে বেরিয়ে মিশ্র অর্থনীতির দিকে এগোচ্ছে। তৈরি পোশাক শিল্প, রেমিট্যান্স, তথ্যপ্রযুক্তি খাত এবং স্থানীয় শিল্পকারখানার বিস্তৃতি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে পরিচিত।
নারীর ক্ষমতায়ন, ডিজিটালাইজেশন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির মতো ক্ষেত্রগুলোতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে প্রযুক্তি খাতে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি দেশের প্রাতিষ্ঠানিক ও সেবাখাতকে অনেকটাই আধুনিক করেছে।
সব মিলিয়ে বলা যায় উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা এখন আর কেবল ভবিষ্যতের স্বপ্ন নয়, বরং একটি দৃশ্যমান বাস্তবতা।
জীবনযাত্রার মান—পরিসংখ্যানের বাইরে বাস্তবতা:
বাংলাদেশের উন্নয়নের পরিসংখ্যান নিঃসন্দেহে আশাব্যঞ্জক, তবে বাস্তব জীবনে এই উন্নয়নের প্রতিফলন সর্বত্র সমান নয়। শহরের আধুনিক বহুতল ভবন আর মেট্রোরেল যতই চোখে পড়ুক, গ্রামের অনেক রাস্তা এখনো কাঁচা, ভাংগা, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক সেবাগুলো এখনো বহু মানুষ পাচ্ছেন না বা পাচ্ছেন সীমিতভাবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে মোট দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যার মধ্যে ৫ দশমিক ৬ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করত। তবে সাম্প্রতিক গবেষণা ও বিভিন্ন সরকারি প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে গ্রামীণ এলাকায় চরম দারিদ্র্যের হার বেড়ে প্রায় ১২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।
অর্থাৎ শহরের তুলনায় গ্রামে এখনো অনেক বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার, যা উন্নয়নের সামগ্রিক চিত্রের বাইরে থাকা বাস্তবতাকে সামনে এনে দেয়। দিনমজুর, কৃষিশ্রমিক ও গার্মেন্টস খাতের কর্মীরা অনেকেই এখনো ন্যূনতম জীবিকা নির্বাহের নিশ্চয়তা পান না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে চাল, ডাল, তেল ও সবজির দামে ক্রমাগত বেড়ে চলা চাপ সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। বাস্তবে দেখা যাচ্ছে, আয় বাড়লেও ব্যয় বেড়েছে তার চেয়েও দ্রুত গতিতে।
আরও উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায়। বিশেষ করে গ্রামের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি ও অব্যবস্থাপনা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার পথ কঠিন করে তুলেছে। পাশাপাশি গ্রামে ও নিম্নআয়ের শহরাঞ্চলে এখনো শিশুদের মধ্যে পুষ্টিহীনতার হার অনেক বেশি, যা ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকে বাঁধাগ্রস্ত করছে।
শিক্ষার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। অনেক সরকারি বিদ্যালয়ে পাঠদানের মান প্রশ্নবিদ্ধ। শিক্ষক সংকট, অনিয়ম ও শিক্ষা উপকরণের স্বল্পতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে দুর্বল করে তুলছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়লেও শেখার মান ও গুণগত উন্নয়ন তেমন ঘটছে না। এর ফলে ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়ছে।
সব মিলিয়ে বোঝা যায় উন্নয়নের প্রকৃত মানদণ্ড কেবল পরিসংখ্যান নয়—বরং প্রতিটি মানুষ কতটুকু মৌলিক সেবা পাচ্ছেন, জীবনযাত্রা কতটা সহজ হয়েছে, তা দিয়ে মূল্যায়ন করতে হবে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া মানুষদের জীবনেও পৌঁছায়, সেটিই হওয়া উচিত আগামী দিনের মূল লক্ষ্য। উন্নয়নের দৌড়ে কারো যেন পিছিয়ে পড়ার সুযোগ না থাকে—এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই কেবল পরিসংখ্যান ও বাস্তবতার ব্যবধান কমে আসবে।
কেন এই ফাঁক? উন্নয়নের পরিসংখ্যান অনেক সময় গড় মান দেখায়, কিন্তু গড়ের আড়ালে ব্যক্তিগত বাস্তবতাগুলো ঢাকা পড়ে যায়। কোনো প্রকল্প সফল হলে সেটি হয়তো কিছু মানুষের জীবনমান উন্নত করে, কিন্তু পুরো দেশের চিত্র তাতে ধরা পড়ে না। বাস্তবে দেখা যায়, উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায় না। এর পেছনে বড় কারণ হলো—নীতিনির্ধারণে দুর্বলতা, প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি এবং সুশাসনের ঘাটতি।
এই ব্যবধান আরও স্পষ্ট হয় যখন দেখা যায়, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়ছে, কিন্তু সেই হারে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। অনেক তরুণ উচ্চশিক্ষা অর্জনের পরও বেকার থাকছেন, কিংবা কাজ পেলেও তা জীবিকা চালানোর মতো নয়। এতে বোঝা যায় প্রবৃদ্ধির ফল কেবল কিছু শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, যার ফলে একটি বড় জনগোষ্ঠী উন্নয়নের বাইরে রয়ে যাচ্ছে।
অর্থনীতিবিদরাও বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের বাস্তব জীবনযাত্রার মানের মধ্যে একটি সুস্পষ্ট বৈষম্য তৈরি হয়েছে। উন্নয়ন কেবল তখনই সফল হবে, যখন তার সুফল সমাজের সব শ্রেণির মানুষ—বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী—উপভোগ করতে পারবে। আর সেই জন্য প্রয়োজন স্বচ্ছতা, ন্যায্যতা এবং কার্যকর বাস্তবায়ন।
ভবিষ্যৎ পথে করণীয়: বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য এখন শুধু বড় প্রকল্পে বিনিয়োগ করাই যথেষ্ট নয়—মানবিক দিকগুলোতেও সমান গুরুত্ব দিতে হবে। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক খাতে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। কারণ মানুষের জীবনমান উন্নত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
একই সঙ্গে প্রয়োজন কার্যকর সুশাসন ও জবাবদিহিতা। উন্নয়ন প্রকল্প যেন কেবল কিছু শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সব স্তরের মানুষ যেন তার সুফল পায় তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রশাসনিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি।
জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় মানুষের বাস্তবতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি। কারণ দেশের প্রতিটি অঞ্চলের চাহিদা এক নয়। কোনো অঞ্চল যেখানে সড়ক চায়, অন্য জায়গায় প্রয়োজন হতে পারে একটি ভালো স্কুল বা হাসপাতাল। এই ভিন্নতা বুঝে তৃণমূল পর্যায় থেকে তথ্য নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে।
পরিসংখ্যান ব্যবস্থাকেও আরও আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে হবে। শুধু গড় সংখ্যা দিয়ে বাস্তবতা বোঝা সম্ভব নয়। পরিসংখ্যানে যেন স্পষ্টভাবে গ্রাম ও শহরের, ধনী ও দরিদ্রের, নারী ও পুরুষের পৃথক চিত্র উঠে আসে—তা নিশ্চিত করতে হবে। এতে উন্নয়ন কার্যক্রমের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাবে এবং বাস্তবতার সঙ্গে ব্যবধান কমবে।
বাংলাদেশের উন্নয়ন পরিসংখ্যান নিঃসন্দেহে অগ্রগতির ইঙ্গিত দেয়। দারিদ্র্য কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, দেশের অবকাঠামো বদলে গেছে দৃশ্যমানভাবে। কিন্তু এই সাফল্যের পেছনে এক গভীর বাস্তবতা রয়ে গেছে, যা সংখ্যার ফ্রেমে পুরোপুরি ধরা পড়ে না। এখনো গ্রামের দরিদ্র পরিবার, পুষ্টিহীন শিশু, কর্মসংস্থানহীন তরুণ কিংবা চিকিৎসাবঞ্চিত মানুষ উন্নয়নের বাইরের গল্প বলছে।
প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তার ছোঁয়া সবার জীবনে পৌঁছাবে—শুধু শহরের উঁচু ভবনে নয়, বরং প্রত্যন্ত গ্রামের মাটির ঘরেও। তাই আমাদের উন্নয়নকে হতে হবে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নীতিনির্ধারকদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পরিসংখ্যান আর জীবনের ব্যবধান কমিয়ে আনা। তাহলেই আপামোর জনগণের ভেতরেও উঠে আসবে প্রতিটি মানুষের জীবনের উন্নতির গল্প।
সব মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন যেন সংখ্যার গণ্ডি পেরিয়ে মানুষের জীবনমান উন্নয়নের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটিই হওয়া উচিত আগামী দিনের মূল লক্ষ্য।

