ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। জ্বালানি তেল ও গ্যাসের দাম কমেছে। ডলার, সোনা ও রুপার দামও নিম্নমুখী হয়েছে। ট্রেডিং ইকোনমিকস জানিয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৫.৮৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও প্রায় ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৮.৭৪ ডলারে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। কাতার এই আলোচনায় মধ্যস্থতার ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।
যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও আপাতত জ্বালানি তেল ও অর্থবাজারে স্বস্তি বিরাজ করছে। শেয়ারবাজারও চাঙ্গা হয়েছে। গত ১২ জুন ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে তেলের দাম প্রায় ১০ শতাংশ বাড়েছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় দাম আগের অবস্থায় ফিরে এসেছে।
গত এক সপ্তাহে জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে—এই আশঙ্কা থেকেই তেলের দাম বাড়ছিল।

