বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৪৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উৎপাদিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এতে ভোক্তারা কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় সরাসরি ভোক্তার কাছে এলপিজি পৌঁছানোর উদ্যোগ নিচ্ছে বিপিসি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছেন, সুলভ মূল্যে গ্যাস পৌঁছে দিতে একটি নতুন নীতিমালা তৈরি হচ্ছে। দুই মাসের মধ্যেই তা কার্যকর করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। বর্তমানে বিপিসির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত মূল্য ৮২৫ টাকা। কিন্তু বাস্তবে তা ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ৪ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করে ১ হাজার ৪৩১ টাকা। সরকারি ডিপো থেকে পরিবেশকরা একটি সিলিন্ডার সংগ্রহ করেন ৭৮৪ টাকায়। এর সঙ্গে স্থানীয় পরিবহন খরচ ২১ টাকা ও পরিচালন ব্যয় ২০ টাকা যোগ করে মোট দাম দাঁড়ায় ৮২৫ টাকা। এর আগে এ দাম ছিল ৬৯০ টাকা।
একজন বিপিসি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা পরিবেশকদের কাছে বিক্রি করছি ৭৮৪ টাকায়, কিন্তু তারা নিচ্ছেন ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৪৫০ টাকা বেশি গুনতে হচ্ছে গ্রাহকদের।’ এলপিজি পরিবেশকরা বলছেন, বিপিসি পর্যাপ্ত গ্যাস দেয় না। এছাড়া দোকানভাড়া, ট্রেড লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নবায়নসহ বিভিন্ন খরচের কারণে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয় না। তবে বিপিসির অভ্যন্তরীণ তদন্ত বলছে, পুরোনো নীতিমালার সুযোগ নিয়ে পরিবেশকরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। এতে করে সরকার নির্ধারিত দামে গ্যাস ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অবস্থার সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। তাই নতুন নীতিমালার আওতায় পরিবেশকদের নিয়ন্ত্রণে আনা এবং সরাসরি ভোক্তার কাছে গ্যাস বিক্রির ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপিসির অধীন কোম্পানিগুলোর ডিপো বা বিক্রয় অফিসের মাধ্যমে “গ্রাহক কার্ড” ব্যবহার করে সরাসরি ভোক্তার কাছে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির ব্যবস্থা নেওয়া যেতে পারে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারী লিমিটেড (ইআরএল) থেকে এলপিজি উৎপাদন করে বিপিসির চারটি প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি—সারা দেশে ৩ হাজার ১০১টি নিবন্ধিত পরিবেশকের মাধ্যমে বিতরণ করে।
বিপিসি জানায়, প্রতি বছর প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার সাড়ে ১২ কেজির সিলিন্ডার উৎপাদন হয়। এটি দেশের মোট চাহিদার মাত্র ১.৬৬ শতাংশ। তদারকির জন্য আলাদা এনফোর্সমেন্ট ইউনিট না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া পরিবেশকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিপিসির চেয়ারম্যান জানান, গ্যাসক্ষেত্রঘন অঞ্চলে আবাসিক সংযোগ না থাকায় সেসব এলাকায় সুলভ দামে এলপিজি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী সংস্থাগুলো, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে।
প্রাথমিকভাবে সিলেট, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও বেগমগঞ্জ এলাকায় সরবরাহ শুরু হবে। চেয়ারম্যান বলেন, ‘আমরা সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে চাই, যাতে তারা প্রকৃত সুফল পায়। এখন আবাসিক সংযোগ দেওয়া না হলেও, এসব এলাকায় গ্যাসের চাহিদা রয়েছে। তাই বিকল্প হিসেবে আমরা সরাসরি গ্যাস পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি।

