রাজনৈতিক অনিশ্চয়তা ছাড়াও আরও তিনটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো দুর্বল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কারণ হলো—কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্যে বাধা এবং ব্যাংক খাতের অব্যাহত চাপ। এই বিশ্লেষণ এসেছে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়–সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এবার একসঙ্গে ১৩৭ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। গত সোমবার রাতে আইএমএফ বোর্ড সভায় কিস্তি দুটি ছাড়ের অনুমোদন দেওয়া হয়। আগামীকাল ২৬ জুন এ অর্থ জমা হবে বাংলাদেশের হিসাবে।
আইএমএফ বলছে, ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতনের পর সামষ্টিক অর্থনীতি আরও চাপে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়। এতে অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সহায়তা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জটিল পরিস্থিতি সত্ত্বেও ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ কিস্তির মূল্যায়নে বাংলাদেশের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। সরকার নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে আরও নমনীয় বিনিময় হার চালু করা হয়েছে এবং রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “রাজনৈতিক অনিশ্চয়তা আছে, এটা নিয়ে দ্বিমত নেই। বিনিয়োগ স্থবিরতাও কাটেনি। আইএমএফ অর্থনীতির কিছু বাস্তব সমস্যা তুলে ধরেছে।”
- কঠোর আর্থিক নীতি অব্যাহত রাখা,
- চালু হওয়া বিনিময় হার ব্যবস্থা ধরে রাখা,
- রাজস্ব আদায় বাড়িয়ে বাজেট ঘাটতি কমানো।
আইএমএফ বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হতে পারে। আগামী অর্থবছরে এটি বেড়ে দাঁড়াবে ৫.৪ শতাংশে। মূল্যস্ফীতিও কিছুটা সহনীয় হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে ৬.২ শতাংশে নেমে আসবে। আর চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৯.৯ শতাংশ। তাদের মতে, কঠিন বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশ সামষ্টিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোচ্ছে। আইএমএফ কর্মসূচির আওতায় প্রতিশ্রুত খাতগুলোতে অগ্রগতি সন্তোষজনক। এখন রিজার্ভ পুনর্গঠন ও মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।
সরকার নতুন বিনিময় হার ব্যবস্থা চালু করেছে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। আইএমএফ বলছে, কঠোর মুদ্রানীতি, নমনীয় বিনিময় হার এবং ঘাটতি কমানোর উদ্যোগ—এই তিনটির সমন্বয় অভ্যন্তরীণ ও বৈদেশিক খাতে ভারসাম্য আনতে সাহায্য করবে। তারা বলছে, ভর্তুকি ধাপে ধাপে কমিয়ে টেকসই পর্যায়ে আনা দরকার। সরকারি ব্যয়ে দক্ষতা বাড়াতে হবে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এই খাতের সংস্কারে বাস্তবভিত্তিক কৌশল প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংক খাত পুনর্গঠনের জন্য দ্রুত নতুন আইন কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
আইএমএফ মনে করে, বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে হলে টেকসই কাঠামোগত সংস্কার দরকার। এর মধ্যে রয়েছে—রপ্তানির বৈচিত্র্য, এফডিআই আকর্ষণ, সুশাসন জোরদার ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের মান উন্নয়ন। ২০২৩ সালের ৩১ জানুয়ারি আইএমএফ তিন বছরের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণপ্রস্তাব অনুমোদন করে। এতে বলা হয়েছিল, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে এ কর্মসূচি। তৎকালীন আওয়ামী লীগ সরকার চলতি হিসাবের ঘাটতি, টাকার দরপতন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফের কাছে এই ঋণ চায়।
এরপর ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায়। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে আসে ৬৮ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তিতে আসে ১১৫ কোটি ডলার। সব মিলিয়ে তিন কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ২৩১ কোটি ডলার।

