গত ৯ মাসে (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত) দেশজুড়ে কর ফাঁকির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এনবিআরের কাস্টমস ও আয়কর অনুবিভাগের মাঠপর্যায়ের দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলো এ সময়ে মোট ১৬ হাজার ৫৭২টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে মোট ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে এনবিআর এখন পর্যন্ত ৯৯৪ কোটি টাকা আদায় করতে পেরেছে বলে জানান তিনি।
আল-আমিন শেখ বলেন, বিভিন্ন কাস্টম হাউজ থেকে এ সময়ে ২ হাজার ২১৫টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জড়িত ১৮৩ কোটি টাকা পুরোটাই আদায় করা সম্ভব হয়েছে। এছাড়া বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ৬ হাজার ৮০৩টি অভিযান চালিয়ে ৫১৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি চিহ্নিত করে, যার মধ্যে ৮৯ কোটি টাকা আদায় হয়।
এ সময় ভ্যাট গোয়েন্দা (মূল্য সংযোজন কর, ঢাকা) ২৩১টি অভিযান চালায়। এতে ১ হাজার ৬৩৯ কোটি টাকার ফাঁকি উদঘাটিত হয় এবং আদায় হয় ২৪০ কোটি টাকা। অন্যদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অভিযান চালিয়ে আদায় করেছে ৭৩ কোটি টাকা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি অভিযান চালিয়ে ৩৬৬ কোটি টাকার কর ফাঁকি শনাক্ত করে, যার মধ্যে ১৯৪ কোটি টাকা আদায় হয়।
এনবিআরের আওতায় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট চালায় ১৭০টি অভিযান। এসব অভিযানে ১ হাজার ৮৭৪ কোটি টাকার ফাঁকি ধরা পড়ে এবং ১১০ কোটি টাকা আদায় হয়। এছাড়া বিভিন্ন কর অঞ্চল ৬ হাজার ৯৭২টি অভিযানে ১ হাজার ৫৮৮ কোটি টাকার কর ফাঁকি শনাক্ত করেছে, যার মধ্যে ১০৫ কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, কর ফাঁকির বিরুদ্ধে তাদের এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

