বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য দেশীয় অর্থায়নের ঘাটতি পূরণে সরকার প্রতিবছর বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে শর্তযুক্ত ঋণ নেয়। এসব ঋণের সুদ ও আসল পরিশোধও মাসে মাসে করা হয়। তবে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতায় টাকার মূল্য ডলারের তুলনায় কমে যাওয়ায় ঋণ পরিশোধ এখন সরকারের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে। পুরানো ঋণ ছাড়ের গতি নিয়েও স্থবিরতা দেখা দিয়েছে। ফলে চুক্তি অনুযায়ী ঋণ পাওয়ার প্রবাহ দুর্বল হয়েছে। আর আগের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় পরিশোধের দায়ও বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে যে বিদেশি ঋণ ছাড় হচ্ছে, তার বড় অংশ পুরানো ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হচ্ছে। অর্থাৎ আসা নতুন ঋণের ‘ষোলো আনার বারো’ চলে যাচ্ছে আগের ঋণ শোধে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বৈদেশিক ঋণ ও তার সুদ বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তিনি জানান, উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। একদিকে বাজেট ঘাটতি মেটাতে সরকার আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে। অন্যদিকে বেশ কিছু বড় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কিস্তি পরিশোধের সময় এসেছে। এসব মিলিয়ে সরকারের ওপর বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে এবং এ প্রবণতা চলবে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশ ৫৬০ কোটি ৮১ লাখ ডলার বৈদেশিক ঋণ পেয়েছে। এর ৬৭ শতাংশ খরচ হয়েছে আগের ঋণের সুদ ও আসল পরিশোধে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ তথ্যে দেখা যায়, এই সময়ে ফেরত দিতে হয়েছে ৩৭৮ কোটি ৪৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ৬৭৬ কোটি ৮ লাখ টাকা। পরিশোধের মধ্যে সুদের অংশ ১৬ হাজার ৯১৬ কোটি ৪০ লাখ টাকা, আর মূল ঋণ পরিশোধ হয়েছে ২৮ হাজার ৭৫৯ কোটি ৬৮ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় ঋণ পরিশোধ ২৩ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ৩৩ হাজার ৮৯৭ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
ঋণ পরিশোধ বৃদ্ধির ধারা গত এক বছরের মধ্যে সীমাবদ্ধ নয়। ২০২২-২৩ অর্থবছরে পরিশোধ হয়েছিল ২৬৭ কোটি ১৭ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে ২০১ কোটি ৭৯ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ১৯১ কোটি ৪৮ লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের ১১ মাসে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ করেছে। বিশেষজ্ঞদের মতে, ডলারের দাম বেড়ে যাওয়া এবং গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় ঋণ পরিশোধের চাপ ভবিষ্যতে আরও বাড়তে পারে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে নতুন ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় দুইই কমেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে পেয়েছে ৫৬০ কোটি ৮১ লাখ ডলার, যা ২০ শতাংশ কম।
এর মধ্যে ঋণ বাবদ ছাড় হয়েছে ৫২২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ডলার এবং অনুদান এসেছে মাত্র ৩৭ কোটি ৯৫ লাখ ডলার। ঋণ প্রতিশ্রুতিতেও একই ধারা। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ৮৬ লাখ ডলার, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৭৯২ কোটি ৮৬ লাখ ডলার। অর্থাৎ প্রায় ৩১ শতাংশ কমেছে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা, ডলার সংকট ও প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা নতুন ঋণ ও অর্থছাড়ে এখন বেশি সংযত।

