ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছে বাংলাদেশ সরকারের বকেয়া পরিশোধের পরিমাণ ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে এই অর্থ পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি এখন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে।
গত ১৭ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পাঠানো এক চিঠিতে আদানি পাওয়ার দ্রুত বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়, যদি জুন মাসের মধ্যে বড় অঙ্কের বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে জুলাই থেকে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হতে পারে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
২০২৩ সালের এপ্রিল থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী (পিপিএ), প্রতি মাসে বিপিডিবিকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়। বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহকৃত বৈদেশিক মুদ্রা বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মাধ্যমে আদানিকে পাঠানো হয়। কিন্তু চলমান ডলার সংকটের কারণে বিপিডিবি সময়মতো অর্থ পরিশোধ করতে পারছে না। এতে প্রতি মাসেই নতুন করে বকেয়া যুক্ত হচ্ছে। মে ২০২৫ শেষে এই বকেয়া ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিপিডিবি স্থানীয় মুদ্রায় বিদ্যুৎ বিক্রি করে। তাদের নিজস্ব কোনো বৈদেশিক মুদ্রার আয় নেই। ফলে ডলার সংগ্রহের জন্য সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর নির্ভরশীল।
আদানি পাওয়ার ও এনার্জি সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিল সরদানা চিঠিতে উল্লেখ করেন, বিপিডিবিকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছি। কিন্তু তারা সময়মতো অর্থ পরিশোধ করছে না। বৈদেশিক মুদ্রার ঘাটতির অজুহাতে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রেখেছে, যা আমাদের আর্থিকভাবে চাপে ফেলেছে।” তিনি আরও জানান, এপিএল (আদানি পাওয়ার লিমিটেড) এখন উচ্চ সুদের ঋণ নিয়ে খরচ চালাতে বাধ্য হচ্ছে। জ্বালানি ও যন্ত্রাংশ আমদানিতে বিঘ্ন ঘটছে। এমনকি অর্থসংকটের কারণে ঋণদাতারা প্রতিষ্ঠানটির পুঁজিগত সহায়তা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।চিঠিতে আরও বলা হয়েছে, জুনের মধ্যে বকেয়া পরিশোধে অগ্রগতি না হলে জুলাই থেকে উৎপাদনে বিঘ্ন ঘটবে এবং তখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব নাও হতে পারে।
২০২৩ সাল থেকে দেশে ডলার সংকট তীব্র আকার ধারণ করে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। জরুরি আমদানির ক্ষেত্রেও ডলার জোগাড় করতে সরকারকে হিমশিম খেতে হয়। একই সঙ্গে আইএমএফ তাদের ঋণের শর্ত হিসেবে রিজার্ভের একটি নির্দিষ্ট সীমা ধরে রাখার বাধ্যবাধকতা দেয়। এমন পরিস্থিতিতে বিপিডিবি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহে ব্যর্থ হয় এবং আদানির কাছে বকেয়া বাড়তে থাকে। বর্তমানে আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট। বিপিডিবির তথ্যমতে, ১৯ জুন কেন্দ্রটি বাংলাদেশে ১,৪২১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

