মাছে-ভাতে বাঙালির পরিচিতি শুধু সংস্কৃতিগত নয়, বাস্তবতাও। কিন্তু এখন সেই মাছ-ভাতই হয়ে উঠেছে সাধারণ মানুষের বড় দুশ্চিন্তার কারণ। টানা তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির ধাক্কায় খাবারের দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে মানুষ। সরকারি তথ্য বলছে, চলমান মূল্যস্ফীতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চাল ও মাছের দাম। মে ২০২৫ পর্যন্ত সামগ্রিক মূল্যস্ফীতিতে এই দুই পণ্যের প্রভাব ছিল প্রায় ৭০ শতাংশ।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সর্বশেষ (জুন ২০২৫) অর্থনৈতিক আপডেট বলছে, মে মাসে একাই চাল সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতির ৪০ শতাংশ এবং মাছ ২৮ শতাংশ দায়ী। বিশেষ করে মাঝারি চালের দাম এককভাবে ২০.৪৬ শতাংশ মূল্যস্ফীতির জন্য দায়ী, যা আগের মাসের তুলনায়ও বেশি।
চাল ও মাছ ছাড়াও দাম বেড়েছে ইলিশ, পাঙ্গাশ, বেগুন, সয়াবিন তেল, আম, কুমড়া ও লাউয়ের। এ তালিকায় খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে। কমেছে কেবল আলু ও মুরগির দাম। দেশে খাদ্যশস্যে ভালো উৎপাদন হলেও তার প্রভাব বাজারে পড়েনি। বোরো ধানের ফলন ভালো হলেও সংগ্রহ ও বাজারজাতকরণে অসামঞ্জস্য থাকায় চালের দাম নিয়ন্ত্রণে আসেনি।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার অস্থিরতার অন্যতম কারণ হলো সিন্ডিকেট। সরকারি নজরদারি ও নানা উদ্যোগ সত্ত্বেও বাজার ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সামাল দিতে কিছু কাঠামোগত পদক্ষেপ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি আয়ে করমুক্ত সুবিধা, পাঁচ লাখ টাকা পর্যন্ত কৃষি আয়ে কর ছাড় অব্যাহত রাখা, ১১০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহার, ৪৪২টি পণ্যে সম্পূরক শুল্ক হ্রাস এবং ট্যারিফ ভ্যালু বাতিলের প্রস্তাব।
চাষাবাদ আধুনিক করতে কম্বাইন হার্ভেস্টার তৈরির যন্ত্রাংশেও শুল্ক কমানো হয়েছে। এসবের লক্ষ্য, খাদ্য উৎপাদন ও সরবরাহ চেইনকে শক্তিশালী করা। রমজান ও ঈদের প্রভাবে এপ্রিল ২০২৫-এ রপ্তানি কমে ৩.০২ বিলিয়ন ডলারে নেমে এলেও মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৪.৭৪ বিলিয়ন ডলারে, যা বছরের সর্বোচ্চ।
তবে টাকার মানের পতন উদ্বেগ বাড়িয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে প্রতি ডলার ছিল ১০৮.৯৬ টাকা। মে ২০২৫-এ এসে তা ১২২ টাকা ছাড়িয়েছে। এর ফলে আমদানিনির্ভর খাদ্যপণ্যের দাম আরও বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত পরিকল্পনার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছতে সময় লাগে। আর সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটলেই দ্রব্যমূল্যে আগুন লাগে।
সুতরাং, বাঙালির ঐতিহ্যবাহী মাছে-ভাতে চাপ কমাতে হলে দরকার কার্যকর ও সমন্বিত বাস্তবায়ন। তা না হলে চাল ও মাছের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতেই পারে।

