এক সময় গোপনীয়তার প্রতীক হিসেবে পরিচিত ছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। বিশ্বজুড়ে কালো টাকার গন্তব্য হিসেবে এদের কুখ্যাতি ছিল। তবে সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন নিয়মিতই সুইস ব্যাংকে বিভিন্ন দেশের নাগরিকদের গচ্ছিত অর্থের পরিমাণ প্রকাশিত হচ্ছে। তবুও কেন এখনো বাংলাদেশ ও ভারতের মতো দেশের মানুষ সুইস ব্যাংকে অর্থ জমা রাখছেন—তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ভারতীয়দের আমানতের পরিমাণ সম্প্রতি হঠাৎ বেড়ে যাওয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে বিষয়টি।
সুইস ব্যাংকে ভারতীয়দের জমা অর্থের বড় অংশই আসছে ধনী পরিবার ও অনাবাসী ভারতীয়দের কাছ থেকে। যুক্তরাজ্যসহ কিছু দেশের নতুন করনীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাবাজারের ওঠানামা—এসব কারণেই অনেকে সুইস ব্যাংককে নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এসব অর্থের বেশিরভাগই কালো টাকা নয়। বরং বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকেরা তাদের বৈধ অর্থ বিদেশি ব্যাংক থেকে সুইজারল্যান্ডে সরিয়ে নিচ্ছেন। অনেকে পরিবারিক সম্পদ ট্রাস্ট ও ফাউন্ডেশনের মাধ্যমে সংরক্ষণ করছেন। কারণ, সুইজারল্যান্ডের আইনে বিদেশি ট্রাস্টকে স্বীকৃতি দেওয়ার নিয়ম রয়েছে। ভারতের আইন সংস্থা খাইতান অ্যান্ড কোর অংশীদার মইন লাধা বলেন, যুক্তরাজ্যের করব্যবস্থায় পরিবর্তনের কারণে অনেক ভারতীয় এখন ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে বাসস্থান খুঁজছেন। এই প্রেক্ষাপটে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে অর্থ সরানোটা স্বাভাবিক হয়ে উঠেছে।
সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতীয়দের আমানতের পরিমাণ ৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৯২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ব্যক্তি আমানতের পরিমাণ বেড়েছে মাত্র ১১ শতাংশ। অর্থাৎ মূল বৃদ্ধিটা এসেছে সম্পদ ব্যবস্থাপনা, বিমা ও অন্যান্য আর্থিক মাধ্যমে। আইন বিশেষজ্ঞ ঈশা শেখরি বলেন, এই প্রবণতা ইঙ্গিত দেয়—মূলধন পুনর্বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আসছে। ভূরাজনৈতিক অস্থিরতা, মুদ্রার স্থিতিশীলতা ও সুইস ব্যাংকের নমনীয় নীতিমালার কারণেই দেশটি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
শুধু ভারত নয়, বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৩৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৭ কোটি মার্কিন ডলার (৫৯ কোটি সুইস ফ্রাঁ)। ২০২৩ সালে এই পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। যদিও এখন সুইস ব্যাংকগুলো আর আগের মতো গোপনীয় নয়, বিভিন্ন দেশ তথ্য আদান–প্রদানের চুক্তিতে সই করেছে, তবুও ধনীদের আগ্রহ কমেনি। অনেক পরিবার উত্তরাধিকারীদের পরিচয় গোপন রাখতে আগ্রহী। এছাড়া ট্রাস্ট ও বিনিয়োগ কাঠামোর মাধ্যমে নাম প্রকাশ না করেও অর্থ সংরক্ষণ করা যাচ্ছে।
ভারতের আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। বিভিন্ন অনাবাসী ভারতীয়কে নোটিশ পাঠানো হয়েছে। এ ছাড়া যেসব হিসাব ভারতীয়দের বলে সন্দেহ, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বদলানোর ফলে এসব সম্পদ এখন আরও দৃশ্যমান হচ্ছে। ফলে আগে যেসব নামের আড়ালে অর্থ ছিল, সেগুলো এখন খোলাসা হচ্ছে।

