যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে আসবে ৯২ কোটি ৪৩ লাখ টাকা। বাকি ৬ কোটি ১০ লাখ টাকা নিজস্ব আয় থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বাজেটটি উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন।
বাজেট উপস্থাপনের পর রিজেন্ট বোর্ডের সদস্যরা বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে মতামত ও সুপারিশ দেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকারি বরাদ্দের ভিত্তিতে ৮৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। সভায় রিজেন্ট বোর্ডের সদস্যরা ভার্চুয়াল এবং সরাসরি উভয়ভাবেই অংশ নেন।

