দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর বাজেট সহায়তা, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহের কারণে। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা এসেছে। রপ্তানিও এখন মোটামুটি ভালো। রেমিট্যান্সও ভালো আসছে।’
সোমবার আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থাৎ ১৩৭ কোটি ডলারের অনুমোদন পাওয়া গেছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকেও সহায়তা এসেছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগে গতি নেই। কিন্তু বাজেট সহায়তা আসায় রিজার্ভ বেড়েছে। আমি সৌদি আরবে গিয়ে শুনেছি, প্রবাসীরা আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রতি আস্থা পাচ্ছেন, তাই টাকা পাঠাচ্ছেন। আগে তাঁরা সংশয়ে থাকতেন—টাকা পাঠালে কোথায় যায়, কী হয়।’
রাজনৈতিক স্থিতিশীলতাই অর্থনৈতিক সংস্কারের মূল শর্ত বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন মোটামুটি বোঝা যাচ্ছে কবে নির্বাচন হবে।’ ব্যবসায়ীদের আস্থা নিয়ে তিনি বলেন, ‘আমরা দেখছি কীভাবে তাদের আরও বেশি আস্থায় আনা যায়। ডলারের বিনিময় হার ছেড়ে দেওয়ার সময় ঝুঁকি ছিল, আমরা ভাবছিলাম পাকিস্তানের মতো যেন না হয়। কিন্তু তেমন কিছু হয়নি।’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারপ্রক্রিয়া নিয়ে চলমান আন্দোলনের পেছনে আওয়ামী সরকারের আমলে সুবিধা পাওয়া কিছু ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে সমস্যা হবে না। একটি স্বতন্ত্র ডিভিশন হবে। এতে তাদের পদোন্নতি ও ক্যারিয়ার আরও ভালো হবে।’ সংস্কারের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এনবিআরের ভেতরে আগে স্বচ্ছতার ঘাটতি ছিল। কিছু ব্যবসায়ী সেই সুযোগ নিয়েছে।’
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেও জ্বালানি কেনায় সাশ্রয় হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির কারণে কোনো সমস্যা হয়নি। বরং দরপত্রে ৫ থেকে ১০ ডলার কমে জ্বালানি কেনা গেছে। এতে ৭০–৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, যা জ্বালানি মন্ত্রণালয়ের সাফল্য।’
তিনি আরও জানান, মরক্কো ও তিউনিসিয়া থেকে আমদানি করা সারের দাম কিছুটা বেড়েছে। তবে সেখানে কোনো বিকল্প ছিল না। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ক্রয় কমিটির সভায় গম কেনা হয়েছে, যেখানে ১৮–২০ কোটি টাকা সাশ্রয় হবে। দেশের চাল ও গম মজুত এখনও সন্তোষজনক। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে আরও ৫০ হাজার টন গম আনার সিদ্ধান্ত হয়েছে, যাতে খাদ্য ঘাটতি না হয়

