বিয়ের খরচ ও দেনমোহরের অর্থ সঞ্চয়ে সহায়তা করতে ‘মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট’ ও ‘মুদারাবা মোহর সঞ্চয় প্রকল্প’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বুধবার (২৫ জুন) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি অ্যাকাউন্টই মাসিক কিস্তিভিত্তিক এবং গ্রাহকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে ব্যাংকটিতে ‘বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট’ রয়েছে ৫৩ হাজার এবং ‘মোহর সঞ্চয় অ্যাকাউন্ট’ রয়েছে ৫২ হাজার। এই অ্যাকাউন্ট প্রাপ্তবয়স্ক যুবক বা অভিভাবকরা খুলতে পারেন বিয়ের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে। মাসিক কিস্তি শুরু হয় ৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত রাখা যায়। মেয়াদ ৩ থেকে ৫ বছর।
শরিয়াভিত্তিক ব্যাংকিং অনুযায়ী, বছরে দুবার প্রাক্কলিত মুনাফা দেওয়া হয়। বছর শেষে চূড়ান্ত মুনাফা হিসেব করে সমন্বয় করা হয়। এই প্রকল্পে পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী বা প্রবাসী পুরুষরা অংশ নিতে পারেন। লক্ষ্য—দেনমোহরের জন্য পরিকল্পিত সঞ্চয় গড়ে তোলা। ৫ ও ১০ বছর মেয়াদে এই অ্যাকাউন্ট খোলা যায়। মাসিক কিস্তির পরিমাণ ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা যায়।
অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের দুই কপি ছবি, বিবাহ সেভিংস অ্যাকাউন্টের জন্য নমিনির এক কপি ছবি এবং মোহর সঞ্চয় প্রকল্পের জন্য স্ত্রীর দুই কপি ছবি। এই সব তথ্য নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে অ্যাকাউন্ট খোলা যাবে। চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও খোলা সম্ভব।
কিস্তির টাকা জমা দেওয়া যায় ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশ ব্যবহার করে ঘরে বসেও কিস্তি পরিশোধ করা যায়। চাইলে গ্রাহক শাখায় গিয়ে ‘স্পেশাল ইনস্ট্রাকশন’ দিয়ে রাখতে পারেন, যাতে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে কিস্তি জমা পড়ে। আবার ইচ্ছা করলে অগ্রিম কিস্তি পরিশোধ করাও সম্ভব।

