ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) সাভারে তাদের কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা কারখানা বন্ধের প্রেক্ষাপটে সাভার কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বিনিয়োগ করা হচ্ছে। গত ২৫ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিনিয়োগের অর্থ জোগান দেওয়া হবে ব্যাংক ঋণ, কোম্পানির নিজস্ব উৎস এবং নগদ প্রবাহের ওপর ভিত্তি করে। ঢাকার মহাখালী ডিওএইচএসে অবস্থিত বিএটি বাংলাদেশের প্রধান কার্যালয় ও কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, লিজ চুক্তি নবায়নের বিষয়ে সুপ্রিম কোর্টে করা কোম্পানির আপিল খারিজ হয়ে গেছে। গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের একটি আগের রায়ের বিরুদ্ধে করা আপিলটি খারিজ করে দেন। এর আগে, ২০২৩ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টও লিজ চুক্তি নবায়নে ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছিল।
বিএটি বাংলাদেশের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে লিজে নেওয়া জমিতে কারখানা পরিচালনা করে আসছিল। প্রতিটি চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর, সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল। চুক্তির বাকি ৩০ বছরের নবায়নের জন্য আবেদন করলেও ক্যান্টনমেন্ট বোর্ড তা গ্রহণ না করায় কোম্পানিটি আইনি লড়াইয়ে যায়।
এদিকে, পরিবেশ দূষণের অভিযোগে মহাখালী কারখানা সরানোর দাবিতে পরিবেশবাদীরা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বর্তমানে বিএটি বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে—মহাখালী, সাভার ও মানিকগঞ্জে। এছাড়া কুষ্টিয়ায় একটি গ্রিন লিফ ট্র্যাশ প্ল্যান্ট (পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা) রয়েছে।
বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) কোম্পানিটির প্রথম কারখানা স্থাপিত হয় ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে। এরপর ১৯৬৫ সালে দ্বিতীয় কারখানা গড়ে ওঠে ঢাকার মহাখালীতে। স্বাধীনতার পর কোম্পানির নাম হয় বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড। ১৯৯৮ সালে কর্পোরেট পরিচয়ে সামঞ্জস্য আনতে নাম বদলে হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ১৯৭৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

