সরকার ছয় দেশের সাত প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার ৬ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তেল কেনা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জ্বালানি, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বড়টি ছিল জিটুজি (সরকার-সরকার) ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল কেনার। এ প্রস্তাব অনুযায়ী, থাইল্যান্ডের পিটিটি, ইউএই’র ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ভারতের আইওসিএলের কাছ থেকে তেল আনা হবে। মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬ কোটি ৬৩ লাখ টাকা।
একই বিভাগ থেকে আরও একটি প্রস্তাবে ২৫ হাজার টন অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ তেল আসবে ইন্দোনেশিয়ার বিএসপি থেকে। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি ব্যারেল অকটেনের প্রিমিয়াম প্রাইস ধরা হয়েছে ৫ দশমিক ৯৩ ডলার এবং রেফারেন্স প্রাইস ৭৩ দশমিক ৬১ ডলার। তৃতীয় প্রস্তাবে, সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো স্পট এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। এতে খরচ হবে ৫৬৯ কোটি ২৯ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩ দশমিক ৫২ ডলার।
কৃষি মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন এবং বিএডিসির মধ্যে চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আনা হবে। এতে ব্যয় হবে ১৬৬ কোটি ৮৯ লাখ টাকা। প্রতি টনের দাম ৩৪২ ডলার। তিউনিসিয়ার জিসিটি থেকে ২৫ হাজার টন টিএসপি সার আনার অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫৫০ ডলার।
তৃতীয় প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি টনের দাম ৭১০ ডলার। খাদ্য মন্ত্রণালয়ের একমাত্র প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স সেরেল কর্পস ট্রেডিং এলএলসি থেকে ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ১৬৮ কোটি ৮২ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ২৭৫ ডলার।

