জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার বিপরীতমুখী বক্তব্যে সংকট আরও ঘনীভূত হয়েছে। সমাধানের পথে না গিয়ে বরং পরিস্থিতি জটিল দিকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। বরং তারা ঘোষণা দিয়েছেন, ২৮ জুন থেকে দেশের সব ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালিত হবে। ওই দিন এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী রাজধানীর এনবিআর ভবনে জমায়েত হবেন।
এর আগে আন্দোলনের চাপে কিছুটা নমনীয় হয়ে ২৫ মে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত সংশোধন করে এটিকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। তবে এ অবস্থানকে কার্যত প্রত্যাখ্যান করেন অর্থ উপদেষ্টা। ২৫ জুন এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তে সরকার অনড়। একই দিন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, এই আন্দোলনের পেছনে অতীত সরকারের সুবিধাভোগী কিছু ব্যবসায়ী মহলের ইন্ধন থাকতে পারে।
এই বক্তব্যে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স ক্যাডার কর্মকর্তা জানান, এমন মন্তব্য পরিস্থিতি সহজ করার বদলে আরও জটিল করে তুলছে। এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের এক সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থ উপদেষ্টার বক্তব্য ২৫ মে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এতে পরিষ্কার হয়, সরকার এখনো এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তেই অনড়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এত বড় কর্মসূচির পেছনে কোনো গোষ্ঠীর ইন্ধন খোঁজা মাঠপর্যায়ে বাস্তবতা না জানার ফল।’ পরিষদের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, ‘আমরা কোনো গোষ্ঠীর ইন্ধনে আন্দোলন করছি কি না, তা সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করতে পারে। সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নিক।’ বৃহস্পতিবার আলোচনায় অংশ না নেওয়ার বিষয়ে পরিষদ জানায়, সরকার তাদের আলোচনায় ডাকে নাই। তাই তারা বৈঠকে যাচ্ছে না।
অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন রিসিভ হয়নি। তবে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার আশা করছে ২৬ জুন আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ আনা সম্ভব হবে।
তবে বিশ্লেষকদের মতে, সংকটের মূল কারণ ‘ইগো’ বা আত্মম্ভরিতা। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, ‘এই সংকট সমাধানে উন্মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক আলোচনা দরকার। ইগো বাদ দিয়ে সমাধানের মানসিকতা থাকতে হবে।’
প্রসঙ্গত, গত ১২ মে গভীর রাতে সরকার ‘রেভিনিউ পলিসি ও রেভিনিউ ম্যানেজমেন্ট ২০২৫’ শিরোনামে একটি অধ্যাদেশ জারি করে। এতে অভিযোগ ওঠে, এনবিআরের নিয়ন্ত্রণ প্রশাসন ক্যাডারের হাতে চলে যাবে। এর প্রতিবাদে এনবিআরের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরকার নমনীয়তা দেখালেও নানা অভিযোগ—যেমন বিতর্কিত কমিটি গঠন, স্ট্যান্ড রিলিজ, সভার জন্য কক্ষ বরাদ্দ না দেওয়া ইত্যাদি ইস্যুতে ২৩ জুন থেকে এনবিআর কর্মকর্তারা পুনরায় কলম ছেড়ে কর্মবিরতিতে যান।

