রাজস্ব আদায়ে গতি বাড়াতে বিশ্বব্যাংক দিচ্ছে এক হাজার কোটি টাকা ঋণ।‘অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শিরোনামে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ কোটি ৮০ লাখ এবং বৈদেশিক ঋণ হিসেবে এক হাজার কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ইতোমধ্যেই ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
রাজস্ব আদায়ে সরকার তিন ধরনের চ্যালেঞ্জ শনাক্ত করেছে। এই প্রকল্পটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়ন করবে। চলতি বছর থেকে শুরু করে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি চলবে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাবলিক রিলেশন বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব জানান, ১২ জুন বিশ্বব্যাংক বোর্ড সরকারি খাতের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। ঋণের মধ্যে রাজস্ব বোর্ড সংস্কারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। কবে ঋণচুক্তি সম্পন্ন হবে, তা ইআরডি জানাবে।
পরিকল্পনা কমিশন জানায়, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ খুবই কম। ২০১২ সালের অর্থবছরে রাজস্ব ও জিডিপির অনুপাত ছিল ৯.১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরে নেমে ৮.৫ শতাংশে এসেছে। কর জিডিপির অনুপাত ৭ থেকে ৮ শতাংশের মধ্যে স্থবির থেকে গত বছরে ৭.৪ শতাংশে নেমে গেছে। এটি বিশ্বের মধ্যে সর্বনিম্ন এবং দক্ষিণ এশিয়ার সমকক্ষ দেশের তুলনায় অনেক কম।
সরকার যে তিনটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, সেগুলো হলো:
- প্রথমত, বাণিজ্য সম্পর্কিত করের ওপর অতিরিক্ত নির্ভরতা।
- দ্বিতীয়ত, মূল্য সংযোজন কর (ভ্যাট) সিস্টেম থাকলেও সেটি অসংখ্য ছাড় এবং সংক্ষিপ্ত হারে কার্যকর হচ্ছে না।
- তৃতীয়ত, আয়করে অনেক ছাড়, কর্তন ও সুবিধা রয়েছে, যা রাজস্ব আদায় বাড়াতে বাধা সৃষ্টি করছে।
রাজনৈতিক মতবিরোধ ও নীতি সংস্কারে ঐকমত্য না হওয়ায় রাজস্ব আদায় কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করতে রাজি হয়েছে। প্রকল্পের মাধ্যমে নেওয়া হবে একাধিক সংস্কার— জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়াতে ব্যবসায়িক প্রক্রিয়া প্রণয়ন ও বাস্তবায়ন, পরিবর্তন এবং পরিকল্পনা গ্রহণ। প্রশিক্ষণ, বিশ্লেষণ ও নীতি বিশ্লেষণ সক্ষমতা জোরদার করা। অভ্যন্তরীণ ও বহির্বর্তী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। একটি শক্তিশালী গবেষণা ও পরিসংখ্যান ইউনিট প্রতিষ্ঠা। সেবা প্রদানে আধুনিকায়নের জন্য মাস্টার প্ল্যান বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় সংস্কার কার্যক্রম চালু।
আয়কর প্রশাসনে সহজ ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু করা হবে। বিদ্যমান ও নতুন সিস্টেমের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন ও নতুন সিস্টেম প্রবর্তন করা হবে। ভ্যাট প্রশাসনের আধুনিকায়নে এসএপি কম্পিটেন্সি সেন্টার গঠন, ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম উন্নয়ন ও আইভিএএস ও ইআরপি সফটওয়্যারের সমন্বয় করা হবে। জাতীয় পর্যায়ে ই-আনভয়েসিং সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন করা হবে। কাস্টমস ও ডিইডিওর আধুনিকায়নে ছয়টি ডিজিটাল সিস্টেম গড়ে তোলা হবে।
এনবিআর সংস্কারে আয়কর ও ভ্যাটে সমন্বিত ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা হবে। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন এ্যাসাইকোডা ওয়ার্ল্ড, আইভিএএস, আয়কর সংক্রান্ত অন্যান্য সিস্টেম জাতীয় গুরুত্বপূর্ণ ডেটা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হবে। করদাতাদের জন্য স্বয়ংক্রিয় কল সেন্টার চালু হবে। জনবল ও কর্মকর্তাদের জন্য আধুনিক ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। একটি পূর্ণাঙ্গ আয়কর প্রশিক্ষণ একাডেমির জন্য সমীক্ষা ও নকশা তৈরি করা হবে। বিভিন্ন ভ্যাট অফিসের অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম বলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় এনবিআরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হলে রাজস্ব আদায়ের সক্ষমতা বেড়ে যাবে। সাথে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও সহায়তা করবে।

