আজ, ২০২৫ সালের ২৬ জুন, পদ্মা সেতু চালুর তিন বছর পূর্ণ হলো। ২০২২ সালের একই দিনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দেশের অন্যতম বড় এই সেতু। এর ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। তিন বছরে পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৯২টি যানবাহন। এই সময় টোল আদায় হয়েছে ২৫০৪ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষিপণ্য দ্রুত বাজারজাত হচ্ছে। শিল্প ও বাণিজ্যে উন্নতি হচ্ছে। নতুন অঞ্চলে বিনিয়োগ বাড়ছে। সেতুর ওপর সড়কপথ রয়েছে, নিচে রয়েছে রেললাইন। ২০২৩ সালের ১০ অক্টোবর রেলপথ উদ্বোধনের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে পুরো রেল যোগাযোগ চালু হয়েছে। এখন ঢাকা থেকে সরাসরি ট্রেন চলাচল করছে ভাঙ্গা, যশোর ও খুলনা পর্যন্ত। সময় লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এর ফলে দক্ষিণাঞ্চলের মানুষ পাচ্ছে উন্নত ও দ্রুত যোগাযোগ সুবিধা।
পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলে পৌঁছেছে উচ্চক্ষমতার ইন্টারনেট সংযোগ। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা ও রামপালের বিদ্যুৎ। গ্যাস ও টেলিযোগাযোগ সেবায় নতুন সম্ভাবনার দরজা খুলেছে এই সেতু। গ্যাসলাইন স্থাপনও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি ব্যবহার শুরু হলে দক্ষিণবঙ্গের অর্থনীতি আরও দ্রুত গতি পাবে।
পদ্মা সেতু
তিন বছরে পদ্মা সেতুতে টোল আদায় ছাড়িয়েছে ২৫০০ কোটি টাকা। মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৯৬ লাখ ৭১ হাজার ১১২টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ৯৮ লাখ ৫৮০টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা মাওয়া প্রান্তের তুলনায় ১ লাখ ২৯ হাজার ৪৬৮টি বেশি।
২০২৫ সালের ৫ জুন এক দিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন সেতু পারাপার হয়। একই দিনে টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। এটি পদ্মা সেতুর এক দিনের সর্বোচ্চ রেকর্ড।
২০২২ সালের ২৬ জুন, সেতুর চালুর প্রথম দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ৯ এপ্রিল, ঈদুল ফিতরের আগের দিন টোল আদায় ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা, যা তখনকার সর্বোচ্চ রেকর্ড ছিল।
পদ্মা সেতু এখন শুধু অবকাঠামো নয়। এটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আত্মবিশ্বাস, সম্ভাবনা ও উন্নয়নের প্রতীক। তিন বছরে এর প্রভাব ছড়িয়ে পড়েছে অর্থনীতি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে। সরকার ও সাধারণ মানুষ আশা করছে, এই সেতু ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের দরজা খুলবে