নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর প্রয়োজন ৯৩৩ থেকে ৯৮০ মিলিয়ন ডলার। এরপর ২০৩১ থেকে ২০৪০ সাল পর্যন্ত বছরে লাগবে ১ দশমিক ৩৭ থেকে ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ২০৪০ সাল পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হবে প্রায় ২০ বিলিয়ন ডলার।
এই বিপুল বিনিয়োগ কেবল সরকারি অর্থায়নের মাধ্যমে সম্ভব নয় বলে মনে করছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, লক্ষ্য পূরণে বাংলাদেশে বড় পরিসরে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন।
প্রতিবেদনটির প্রধান লেখক এবং আইইইএফএ’র বাংলাদেশের জ্বালানি খাত বিষয়ক প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন, “এই বিশাল বিনিয়োগ শুধু সরকারি তহবিল দিয়ে সম্ভব নয়। এর জন্য বেসরকারি খাতকে সম্পৃক্ত করতেই হবে।” তবে তিনি সতর্ক করে বলেন, “নীতিমালার হঠাৎ পরিবর্তন, পূর্বনির্ধারিত প্রকল্প না থাকা, জটিল ঋণ বিতরণ প্রক্রিয়া, উচ্চ ভূমি মূল্য, মুদ্রার অস্থিরতা এবং দেশের দুর্বল ক্রেডিট রেটিং—এসবই বেসরকারি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।”
এসব বাধা কাটাতে বহুজাতিক উন্নয়ন ব্যাংক, জলবায়ু তহবিল এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে একটি মুদ্রা ঝুঁকি মোকাবিলা তহবিল গঠনের পরামর্শ দিয়েছে আইইইএফএ। প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের সময় অনুমোদিত ৩১টি বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল করেছে। এসব প্রকল্প প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়াই অনুমোদিত হয়েছিল। প্রকল্প বাতিলের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
নতুন বিনিয়োগ আকর্ষণে কিছু সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে—নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগে গ্যারান্টি পুনর্বহাল, নির্দিষ্ট ভূমি বরাদ্দ, ব্যাংকিং ও সেবা খাতের সক্ষমতা বাড়ানো। শফিকুল আলম বলেন, “সরকার চাইলে পেমেন্ট নিয়ে অনিশ্চয়তা দূর করতে ‘প্রকল্প বাস্তবায়ন ধারা’ পুনর্বহাল করতে পারে। অথবা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারীদের আয়ের নিশ্চয়তা দিতে একটি পেমেন্ট সিকিউরিটি কাঠামো গঠন করা যেতে পারে।”

