বাংলাদেশ ও চীনের মধ্যে ঋণের শর্ত নিয়ে মতানৈক্যের কারণে আটকে আছে ৯টি উন্নয়ন প্রকল্পে চীনের ৪.০৬ বিলিয়ন ডলার অর্থায়ন। মূলত ঋণের মুদ্রা ও সুদহার নির্ধারণে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে না পারায় এই জটিলতা তৈরি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত দুই বছর ধরে চীন তাদের উন্নয়ন ঋণ মার্কিন ডলারে নির্দিষ্ট সুদহার থেকে সরে এসে—ডলারের বাজারভিত্তিক সুদ অথবা চীনা মুদ্রা ইউয়ানে (আরএমবি) ঋণ দিতে চাচ্ছে। এতে করে আলোচনা থমকে যায়। ইআরডি কর্মকর্তাদের ধারণা ছিল, ২০২৪-২৫ অর্থবছরের (চলতি অর্থবছর) শেষ হওয়ার আগেই অন্তত একটি বড় ঋণচুক্তি হবে। কিন্তু ১ জুন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকেও কোনো সমঝোতা হয়নি।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হচ্ছে—চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সহায়ক অবকাঠামো নির্মাণ। মূলত চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। এটি ইতোমধ্যে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এপ্রিলে ৪ হাজার ৬৫ কোটি টাকার সংশোধিত প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেয়।
- আরেকটি প্রকল্প হলো ‘ছয়টি নতুন জাহাজ সংগ্রহ’, যেটি চলতি অর্থবছরের বৈদেশিক ঋণ কর্মসূচিতে ‘উচ্চ সম্ভাবনাময়’ তালিকায় ছিল। এই প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলারের চীনা ঋণ প্রস্তাব ছিল। তবে ঋণের শর্ত নিয়ে মতানৈক্য না মেটায়—এ বছর আর কোনো ঋণ চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে ইআরডি কর্মকর্তারা জানান।
চীনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে—ডলারের ক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার চালু করতে এবং ইউয়ানে দেওয়া ঋণের সুদহার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩–৩.৫ শতাংশ করতে। বাংলাদেশের পক্ষ থেকে এই হারকে অতিরিক্ত মনে করা হচ্ছে। কারণ, বাজারভিত্তিক হারে ডলারের সুদ ৬ শতাংশ ছাড়িয়ে যাবে, যা দেশের জন্য ব্যয়বহুল। বাংলাদেশ চায়, ইউয়ান ভিত্তিক ঋণের সুদহার ১ শতাংশের মধ্যে রাখতে এবং পরিশোধের সময়সীমা ১৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করতে। ইআরডি সূত্র বলছে, ইউয়ান ঋণের মেয়াদ বাড়াতে চীন কিছু নমনীয়তা দেখালেও, ডলারের ক্ষেত্রে তা দেখাচ্ছে না।
গত মার্চে চীনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক হয়। এরপর জুনে ১৫০ সদস্যের চীনা প্রতিনিধি দল ঢাকায় আসে। তখন আশাবাদ তৈরি হয়েছিল, অন্তত একটি প্রকল্পে অগ্রগতি হবে। তবে ইআরডি কর্মকর্তারা বলছেন, এই সফরগুলোর ফলাফলও প্রতীকী পর্যায়েই রয়ে গেছে। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের সঙ্গে আটটি প্রকল্পে ৭.৯২ বিলিয়ন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ। ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ চীন থেকে ১৭.৫ বিলিয়ন ইউয়ান ও ৭.২৫ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে। সর্বশেষ চুক্তি হয়েছে ২০২৩ সালের মে মাসে, রাজশাহী ওয়াসার পানিশোধন প্রকল্পে—যার পরিমাণ ছিল ২৭৬.২৫ মিলিয়ন ডলার। এরপর আর কোনো নতুন ঋণচুক্তি হয়নি।
ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী জানান, চীনের ঋণ নিয়ে দুই দেশের ওয়ার্কিং গ্রুপ পর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা আশা করছি, প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিটের মুদ্রা ও সুদের হার সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সমাধান হবে।” বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “সব দ্বিপাক্ষিক ঋণেরই কিছু সীমাবদ্ধতা থাকে। তবে প্রকল্পভিত্তিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে চীনা ঋণও লাভজনক হতে পারে।” তিনি জানান, “রেল, সড়ক বা জ্বালানি খাতে যেখানে উপকরণ চীন থেকেই আনতে হয়, সেখানে ৩-৩.৫ শতাংশ সুদে ইউয়ানে ঋণ গ্রহণ যুক্তিযুক্ত হতে পারে।” তাঁর মতে, “চীনা ঋণ রাজনৈতিক বিবেচনায় না, বরং প্রকল্পের চাহিদা ও আর্থিক যৌক্তিকতার ভিত্তিতে বিবেচনা করা উচিত।”
ইআরডি সূত্র বলছে, চীনা ঋণ দুটি ভাগে দেওয়া হয়— প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি), যা ডলারে এবং গভর্নমেন্ট কনসেশনাল লোন (জিসিএল), যা ইউয়ানে দেওয়া হয়। ২০২৩ সালের শেষ দিকে চীনের এক্সিম ব্যাংক ডলারের পিবিসি ঋণে বাজারভিত্তিক সুদহার প্রস্তাব করে। বর্তমানে মার্কিন ডলারের ‘সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (SOFR)’ প্রায় ৪.২ শতাংশ। অন্যান্য ফি যুক্ত হলে তা ৬ শতাংশ ছাড়িয়ে যায়। বাংলাদেশ এটিকে ‘অস্বাভাবিক ব্যয়বহুল’ বলছে। বর্তমানে ইআরডির ঋণ কর্মসূচিতে চীনের প্রস্তাবিত ৪.০৬ বিলিয়ন ডলারের ৯টি প্রকল্প তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত হলো—চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সহায়ক অবকাঠামো উন্নয়ন।
তালিকায় আরও রয়েছে:
-
মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন
-
ডিজিটাল সংযোগ উন্নয়ন
-
টেলিটকের ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ
-
দাশেরকান্দি এসটিপি এলাকায় স্যুয়ারেজ সংগ্রহ ব্যবস্থা নির্মাণ

