চলমান ঋণের অনুমোদিত সীমার অতিরিক্ত অংশ পরিশোধ না করে সেটি নবায়ন করা যাবে না—এমন কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ জুন) এক সার্কুলারের মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, অনেক ব্যাংক অনুমোদিত সীমা ছাড়িয়ে যাওয়া ঋণগুলোও নিয়মিতভাবে নবায়ন করে আসছিল। এমনকি অনেক সময় সীমাতিরিক্ত অংশ পরিশোধ না করে সেটিকে আলাদা ঋণ হিসেবে দেখিয়ে চলমান ঋণের পুরো অংশকেই আবার নবায়ন করা হতো। এর ফলে কোনো টাকা পরিশোধ না করেই গ্রাহকের ঋণ নিয়মিত থাকছে, যা ব্যাংকিং শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এভাবে ঋণ পরিশোধ না করে নিয়মিত থাকার প্রবণতা এখন সাধারণ চর্চায় পরিণত হয়েছে। ব্যবসায়ীরা নির্ধারিত সীমার মধ্যে ঋণ নেবেন এবং পরিশোধ করবেন—এটাই নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে, তারা বছরের শেষে ঋণসীমা ছাড়িয়ে যাওয়া অংশ আলাদা ঋণ হিসেবে দেখিয়ে পুরো ঋণ নবায়ন করে নিচ্ছেন, বা সীমা বাড়িয়ে নতুনভাবে অনুমোদন নিচ্ছেন।”
সার্কুলারে বলা হয়েছে, চলমান ঋণ কেবল বিদ্যমান সময়সীমার মধ্যেই নবায়ন করতে হবে। তবে অনুমোদিত সীমা অতিক্রম করা ঋণের অতিরিক্ত অংশ পরিশোধ ছাড়া কোনোভাবেই নবায়ন করা যাবে না। সেই অতিরিক্ত অংশকে নতুন ঋণ হিসেবেও দেখানো যাবে না কিংবা অন্য কোনো ঋণের সঙ্গে মিশিয়ে ফেলা যাবে না। এটি অবশ্যই নগদে পরিশোধ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, ‘কাগজে পরিশোধ’ দেখিয়ে ঋণ নবায়নের পথ বন্ধ করা। এতে করে ঋণগ্রহীতাদের প্রকৃত পরিশোধে উৎসাহিত করা যাবে এবং ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

