নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভ্যাট কমানোর দাবি জোরালো হয়েছে। ইয়ুথ পলিসি নেটওয়ার্ক (ওয়াইপিএন) পরিচালিত একটি জরিপ বলছে—খাদ্যের দাম বাড়া ও পরোক্ষ কর বৃদ্ধির কারণে অনেকেই এখন নিয়মিত খাবার বাদ দিচ্ছেন। বিশেষ করে মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে।
জরিপ অনুযায়ী, এই শ্রেণির প্রায় ৬০ শতাংশ মানুষ সকালের নাস্তা বাদ দিচ্ছেন। আবার ৮৮ শতাংশ ব্যক্তি প্রতিদিন ভাতের পরিবর্তে রুটি বা বিস্কুট খাচ্ছেন। দুপুরের খাবারও বাদ দিচ্ছেন ১৭ শতাংশের বেশি অংশগ্রহণকারী। জরিপের ফল প্রকাশ করা হয় বুধবার (২৬ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ওয়াইপিএনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে। সেমিনারের শিরোনাম ছিল: ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’।
সেমিনারে ওয়াইপিএনের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আকবর হোসেন বলেন, “পণ্যমূল্য বেড়ে যাওয়াই সকালের নাস্তা বাদ দেওয়ার মূল কারণ।” জরিপটি দেশের বিভিন্ন অঞ্চলের এক হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত হয়।
সেমিনারে উপস্থিত ভোক্তা প্রতিনিধি ও রুটি-বিস্কুট শিল্প সংশ্লিষ্টরা খাদ্যপণ্যের ওপর আরোপিত ভ্যাট কমাতে সরকারের প্রতি আহ্বান জানান। তাদের মতে, বর্তমান করব্যবস্থা শুধু নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং দরিদ্র, মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের ওপরও বাড়তি চাপ তৈরি করছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ১৫ শতাংশ মানুষ মনে করেন—রুটি ও বিস্কুটের ওপর আরোপিত ভ্যাটের হার অযৌক্তিকভাবে বেশি। ভ্যাট বৃদ্ধির পর ৭০ শতাংশ খুচরা বিক্রেতা জানিয়েছেন, তাদের দোকানে প্যাকেটজাত রুটি ও বিস্কুটের বিক্রি কমে গেছে। বিক্রেতারা এর জন্য দাম বৃদ্ধিকে দায়ী করছেন। বর্তমানে এসব পণ্য থেকে বছরে প্রায় ৪৫০ কোটি টাকা ভ্যাট আদায় করছে সরকার।
ওয়াইপিএনের প্রধান গবেষক কেএম এমরুল হাসান বলেন, “ভ্যাট বাড়ার কারণে রুটি-বিস্কুটের আকার ছোট হয়ে যাচ্ছে বা দাম বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে নিম্ন আয়ের মানুষের ওপর।” তিনি আরও জানান, আসন্ন বাজেটে ৭০ শতাংশ মানুষের প্রত্যাশা ছিল—জীবনমান উন্নয়নে সহায়ক কিছু থাকবে। কিন্তু বাস্তবে ভ্যাট বৃদ্ধিই হয়েছে। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, চলতি বাজেটে এসব খাদ্যপণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আখতার মালা। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। জরিপে উত্থাপিত উদ্বেগের বিষয়টি স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন, “ভ্যাট বৃদ্ধির প্রভাব রয়েছে; তবে বর্তমান সরকারের মেয়াদে এই হার কমানোর সম্ভাবনা কম।” অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাসেম। গবেষণার ফল উপস্থাপন করেন কেএম এমরুল হাসান।

