মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর কার্যক্রম স্বাভাবিক রাখতে এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পাশাপাশি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন:
-
ডাক অধিদপ্তরের মহাপরিচালক,
-
আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ম সচিব,
-
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক,
-
ব্যাংকিং রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক,
-
এআইইউবি-এর পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ কবির,
-
ব্যারিস্টার তানিম হোসাইন শাওন (সুপ্রিম কোর্টের আইনজীবী),
-
সালেহ উদ্দিন (দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক),
-
এইচ এম বাররু সানি (বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা)।
এর আগে, ২০২৩ সালের ৫ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে তদন্তে বেরিয়ে আসে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অর্থ জালিয়াতি এবং অতিরিক্ত ই-মানি তৈরি করায় প্রতিষ্ঠানটির হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ কোটি টাকা।
তদন্তে আরও জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজনের ছত্রছায়ায় এই অনিয়ম ঘটে। নিয়মবহির্ভূতভাবে সরকারি ভাতা বিতরণ ও গ্রাহক তৈরি করাও ওই সময়ে চলত। এ ঘটনায় ডাক বিভাগের সাবেক ও বর্তমান আটজন মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সিইওসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।
প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে দায়ের করা একটি রিট হাইকোর্ট খারিজ করলেও পরে সেই আদেশ স্থগিত হয়। ৭ মে হাইকোর্টের ওই স্থগিতাদেশের পর নগদের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বাধা দেন এবং নিজেরাই মামলার আসামি মো. সাফায়েত আলমকে সিইও হিসেবে নিয়োগ দেন।
এরপর বাংলাদেশ ব্যাংক ২১ আগস্টের প্রশাসক নিয়োগ-সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশ আংশিক প্রত্যাহারের আবেদন করে। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওঠে। ২ জুন আপিল বিভাগ প্রশাসক নিয়োগ স্থগিতের আদেশও স্থগিত করে রায় দেয়। এতে নতুন পরিচালনা পর্ষদ গঠন ও সিইও নিয়োগের পথ সুগম হয়।

