যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্কের চাপ কমাতে কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা জোরদার করেছে ঢাকা। ট্রাম্প প্রশাসনের ঘোষিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক প্রত্যাহারের আশায় দেশটির সঙ্গে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গম ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রক্রিয়া সহজ করার কাজও চলছে।
এই পদক্ষেপগুলো মূলত ২৯ জুন নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে কৌশলগত সুবিধা আদায়ের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। বৈঠকে পাল্টা শুল্ক হারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫২ শতাংশে। তবে ৯ এপ্রিল থেকে তিন মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করে যুক্তরাষ্ট্র, যার মেয়াদ শেষ হবে ৯ জুলাই।
এই সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দিতে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) সচিবালয়ে খাদ্যসচিব মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ টন গম কেনার প্রাথমিক সিদ্ধান্ত হয়। রাশিয়া ও ইউক্রেন থেকে তুলনামূলক কম দামে গম পাওয়া গেলেও খাদ্যমান ও কৌশলগত সম্পর্কের দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের গম বেছে নেওয়া হয়েছে।
এ ছাড়া মার্কিন কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রস্তুতিও নিচ্ছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৯ জুনের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হলে শুল্ক হার কমতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে যেসব দেশ আলোচনা করছে, তাদের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে। অন্যদিকে, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ আলোচনায় পিছিয়ে গেছে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে ৭ এপ্রিল ঢাকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও স্ক্র্যাপের ওপর শূন্য শুল্ক রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রীর ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এছাড়া সেদিনই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করেন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের শুল্কমুক্ত পণ্যের সংখ্যা বর্তমানে ১৯০টি এবং আরও ১০০টি পণ্যকে তালিকায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পাল্টা শুল্কের ঘোষণার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একাধিক সরাসরি ও অনলাইন বৈঠক করেছে। এর মধ্যে ২১ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইউএসটিআর ছয়টি বিষয়ে ব্যাখ্যা চায়, যার উত্তর দেওয়া হয় ৪ জুন। পরে ১২ জুন একটি খসড়া চুক্তি তৈরি করে ১৭ জুন তা নিয়ে অনলাইন বৈঠক হয়। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘চুক্তির খসড়া এখনো গোপনীয়। আমরা নিজেরাই এ নিয়ে দর-কষাকষি করছি।’
যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার, আর আমদানি বেড়েছে ১২৫ কোটি ডলার। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ৮৩৬ কোটি ডলারের পণ্য, বিপরীতে আমদানি করে ২২১ কোটি ডলারের পণ্য। ফলে বছরে ৬১৫ কোটি ডলারের বাণিজ্যঘাটতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে রয়েছে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বাংলাদেশ ইতিবাচক কিছু উদ্যোগ নিয়েছে। তবে মূল সিদ্ধান্ত আসবে ৯ জুলাইয়ের পর।’ বিশ্লেষকেরা মনে করছেন, এই কৌশলগত পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

