বিশ্ববাজারে দ্বিতীয় সপ্তাহের মতো স্বর্ণের দাম পড়তির দিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমা, ডলারের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সংক্রান্ত নতুন তথ্য আসার অপেক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ কমেছে। এতে স্বর্ণ বাজারে মন্দাভাব স্পষ্ট। ভবিষ্যতের আর্থিক নীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৭ জুন) জিএমটি সকাল ২টা ৩৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩,৩১৩.২৩ ডলারে। সাপ্তাহিক হিসাবে দাম কমেছে প্রায় ১.৭ শতাংশ। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে দাম দাঁড়ায় ৩,৩২৫.৭০ ডলার, যা আগের তুলনায় ০.৭ শতাংশ কম।
এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে স্বর্ণের দরপতন হলো। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাত আপাতত থেমে যাওয়ায় বৈশ্বিক বাজারে চাপ কিছুটা কমেছে। সিঙ্গাপুরভিত্তিক গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্বস্তির ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে না গিয়ে অপেক্ষাকৃত নিরাপদ খাতে মনোযোগ দিচ্ছেন না। স্বর্ণের প্রতি আগ্রহ কমে গেছে।’
এছাড়া মার্কিন ডলারের দাম ০.২ শতাংশ বেড়ে যাওয়ায় স্বর্ণ কেনায় ব্যয় বাড়ছে ডলারনির্ভর অর্থনীতিগুলোর জন্য। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা আরও হ্রাস পেয়েছে। বিশ্ববাজার এখন নজর রাখছে যুক্তরাষ্ট্রের ‘ব্যক্তিগত ভোগ ব্যয় সূচক’ (Core PCE)-এর দিকে। এটি শুক্রবার (বাংলাদেশ সময় সন্ধ্যায়) প্রকাশিত হওয়ার কথা। রয়টার্সের পূর্বাভাস অনুযায়ী, সূচকটি মাসিক ভিত্তিতে ০.১ শতাংশ ও বার্ষিক হিসাবে ২.৬ শতাংশ বাড়তে পারে।
ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদহার নির্ধারণে এই তথ্য বড় প্রভাব ফেলবে। বাজারে ধারণা, ২০২৫ সালের মধ্যে ফেডারেল রিজার্ভ ৬৩ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদহার কমাতে পারে। তবে এখন পর্যন্ত কেবল দুইজন নীতিনির্ধারক জুলাইয়ের বৈঠকে হার কমানোর পক্ষে মত দিয়েছেন। এই প্রেক্ষাপটে কিছু বিনিয়োগকারী স্বর্ণের বদলে অন্য মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। বিশ্লেষক এডওয়ার্ড মেইয়ার বলেন, ‘প্ল্যাটিনাম ও প্যালেডিয়ামের দিকে বিনিয়োগ বাড়ছে।’
শুক্রবার স্পট সিলভারের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩৬.৬৩ ডলারে স্থির ছিল। তবে প্ল্যাটিনামের দাম ১.৮ শতাংশ কমে ১,৩৯১.২৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১১ বছরের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ে। অন্যদিকে, প্যালেডিয়ামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,১৪৭.৭৮ ডলারে, যা ২০২৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

