রাজশাহীর এমকেএস স্পোর্টস তৈরি করছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন।
রাজশাহী নগরীর বারো রাস্তার মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে ব্যাট তৈরির এই কারখানা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন ২০০৪ সাল থেকে ব্যাট প্রকৌশল নিয়ে কাজ করছেন। ‘ব্যাট-ডক্টর’ নামে খ্যাত এই উদ্ভাবকের হাত ধরে বিশ্বের বহু তারকা ক্রিকেটারের ব্যাটে এসেছে উন্নয়ন। টেন্ডুলকার, বিরাট কোহলির ব্যাট নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
পরবর্তী সময়ে শাহীনের সঙ্গে যুক্ত হন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। তাদের অংশীদারিত্বে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এমকেএস স্পোর্টস। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৬০ জনের বেশি কর্মী কাজ করছেন। ইতোমধ্যে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ব্যাট রপ্তানি হচ্ছে ১৪টি দেশে। দেশি-বিদেশি অনেক ক্রিকেটার এই ব্যাট ব্যবহার করছেন।
বাংলাদেশে প্রতিবছর ১০ থেকে ১২ লাখ ব্যাট পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানি করা হয়। এই বাজারের আর্থিক পরিমাণ ১৫০ থেকে ২০০ কোটি টাকার মতো। এই খাতকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সেই ধারায় এমকেএস স্পোর্টস হয়ে উঠেছে একটি অনুকরণীয় নাম।

