কুমিল্লায় দিন দিন কমছে বাণিজ্যিকভাবে পান চাষ। একসময় সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে পরিচিত হলেও বর্তমানে কৃষকদের আগ্রহ হারিয়ে ফেলছেন এই চাষে। কৃষকরা বলছেন, পোকামাকড় আর রোগবালাইয়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। এ ছাড়া কৃষি বিভাগের তদারকি ও সহায়তার অভাবও অন্যতম কারণ।
ফলে লাভ তো দূরের কথা, বরং গুনতে হচ্ছে লোকসান। দীর্ঘদিন ধরে টিকে থাকা পানচাষ ব্যবস্থা এখন হুমকির মুখে। সরকারি সহযোগিতা না পেলে এই ঐতিহ্যবাহী চাষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এতে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কুমিল্লার চান্দিনা, দেবীদ্বার, মুরাদনগর, বুড়িচং ও বরুড়াসহ বেশির ভাগ উপজেলায় এক সময় প্রায় ১১৬ হেক্টর জমিতে পান চাষ হতো। তবে গত এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮০ হেক্টরে।
সরেজমিনে দেবীদ্বারের গুনাইঘর ও চান্দিনার হারং গ্রামে ঘুরে দেখা গেছে, সড়কের পাশে সারি সারি পানের বরজ। কেউ বাঁশের সঙ্গে সুতা দিয়ে পানগাছ বেঁধে দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ পাতা তুলছেন বিক্রির জন্য। চোখ জুড়ানো সবুজ পাতা দোল খাচ্ছে গাছে গাছে। তবে এর পেছনের গল্পটা সুখকর নয়।
দেবীদ্বারের গুনাইঘর গ্রামের পানচাষি সুকুমার রায় বলেন, “অনেক গাছ আর পাতা পচে যাচ্ছে। কী ওষুধ ব্যবহার করব—সে পরামর্শটাও পাই না কৃষি অফিস থেকে। পান লাগানো থেকে বিক্রির উপযোগী করা পর্যন্ত প্রচুর খরচ ও শ্রম লাগে। কিন্তু আয় হয় খুবই কম। কৃষি বিভাগ যদি সঠিক সময়ে সঠিক সহায়তা দিত, তাহলে এত লোকসান হতো না।”
চাষি নন্দ চন্দ্র দাস বলেন, “সরকার কৃষিতে প্রচুর সহায়তা দেয়—নগদ টাকা, সার, বীজ, পরামর্শ। কিন্তু পান চাষিরা এসব কিছুই পায় না। এ বৈষম্য কেন? আমরা চাই সরকার প্রণোদনা ও সহযোগিতার ব্যবস্থা করুক, যাতে এই চাষ বাঁচে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, “কুমিল্লার ১৭ উপজেলায় কমবেশি পান চাষ হয়। আগে ১১৬ হেক্টর জমিতে হতো, এখন তা ৮০ হেক্টরে নেমে এসেছে। আমরা চাষিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। তবে পানচাষের জন্য আলাদা কোনো সরকারি বরাদ্দ নেই। ভবিষ্যতে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, “উৎপাদনশীল সেক্টরের সঙ্গে বিপুলসংখ্যক মানুষ যুক্ত। তারা যদি সরে দাঁড়ান, তাহলে বেকারত্ব বাড়বে। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে—প্রণোদনা ও পরামর্শ দিয়ে পান চাষিদের পাশে দাঁড়াতে হবে।

