দেশে অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের আওতায় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নয়ন, ওয়েবসাইট ডিজাইন ও কল সেন্টার সাপোর্টের মতো কাজ হচ্ছে নিয়মিত।
এই খাতের একজন সফল উদ্যোক্তা এম আসিফ রহমান। বর্তমানে ওয়ার্ডপ্রেস বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও ২০০৩-০৪ সালে এটি ছিল একেবারে শুরুর পথে। সেই সময়েই আসিফ ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি ও প্লাগইন উন্নয়ন শুরু করেন। শুরু থেকেই প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ ছিল গভীর। ধীরে ধীরে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন।
২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রযুক্তিবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট টেক জার্নাল। কিছু বছরের মধ্যেই ওয়েবসাইটটি মাসে দুই কোটির বেশি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছে যায়। ওই সময় থেকেই তিনি অংশ নিতে শুরু করেন ওয়ার্ডপ্রেসের আন্তর্জাতিক আয়োজনগুলোতে। ২০১১-১২ সালে যখন ফেসবুক আইপিও চালু করে, তখন আসিফ যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানের উদ্যোক্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বন্ধুদের সঙ্গে মিলে তিনি ফেসবুকসহ বেশ কিছু মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানে প্রায় ১০ কোটি ডলারের যৌথ বিনিয়োগ করেন।
এরপর ২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ডব্লিউপিডেভেলপার’ নামের একটি সফটওয়্যার কোম্পানি। প্রতিষ্ঠানটি মূলত ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন তৈরি করে। বর্তমানে তাদের তৈরি প্লাগইন বিশ্বব্যাপী ৬০ লাখের বেশি ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে। এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৩০ জনের বেশি কর্মী কাজ করছেন।

