সবুজ পাহাড়ে চোখ জুড়িয়ে দিচ্ছে বিদেশি এক ফল—রাম্বুটান। লিচুর মতো দেখতে এই লোমশ ত্বকের রসালো ফল এখন পাহাড়ি জনপদে নতুন স্বপ্নের বার্তা দিচ্ছে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিহারটিলা এলাকায় আড়াই একর জমিতে গড়ে উঠেছে একটি রাম্বুটান বাগান। কৃষিবিদদের মতে, পাহাড়ে এ ফল চাষ নতুন এক অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
বাগানটি তৈরি করেছেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকেইপ্রু চৌধুরী। নিজ বাড়ির পাশে তিনি চার বছর আগে রোপণ করেন রাম্বুটানের চারা। এখন সারি সারি গাছে থোকা থোকা ফল ধরেছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ফল পাকতে শুরু করেছে।
আকেইপ্রু জানান, বিদেশ সফরে রাম্বুটান খেয়ে ভালো লাগায় দেশে ফিরেই সিদ্ধান্ত নেন এই ফল চাষ করবেন। ২০২১ সালে তিনি পাঁচটি দেশ থেকে পাঁচ জাতের রাম্বুটান চারা সংগ্রহ করেন। এর মধ্যে আছে ইন্দোনেশিয়ার ‘লাল বিনজাই’, থাইল্যান্ডের ‘রং রিয়ান’, ফিলিপাইনের ‘হলুদ কুইজন’, মালয়েশিয়ার ‘স্কুল বয়’ এবং ভারত-মালয়েশিয়া হাইব্রিড জাত ‘এন-১৮’।
বর্তমানে তাঁর বাগানে ২২০টি গাছ রয়েছে, যার মধ্যে ১৮০টিতে ফল ধরেছে। তিনি আশা করছেন, প্রতিটি গাছ থেকে ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত ফল পাওয়া যাবে। কিছু গাছে এক থোকা থেকেই মিলছে প্রায় এক কেজি ফল। বর্তমানে বাজারে এই ফল বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। সেপ্টেম্বর পর্যন্ত ফল পাওয়া যাবে। গত বছর একটি গাছ থেকে তিনি ৪০ কেজি পর্যন্ত ফল পেয়েছিলেন।
আকেইপ্রু বলেন, ‘‘শুরুটা ছিল শখের বশে, এখন বাণিজ্যিকভাবে চিন্তা করছি।’’ তিনি জানান, খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় এক হাজার ‘স্কুল বয়’ জাতের চারা রোপণ করেছেন। সেখানে এক বছর আগে শুরু হয়েছে বাগান গড়ার কাজ। রাম্বুটান চাষে সরকারি কর্মকর্তারাও দেখছেন সম্ভাবনা। মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, ‘‘পাহাড়ি পরিবেশে রাম্বুটান চাষ উপযোগী। আমরা ফলন দেখে আশাবাদী। তবে গাছের গোড়ায় পানি যেন না জমে, সেটি নিশ্চিত করতে হবে।’’
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাছিরুল আলম বলেন, ‘‘রাম্বুটান একটি জনপ্রিয় বিদেশি ফল। পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে এর চাষ হচ্ছে। বাণিজ্যিকভাবে চাষ হলে কৃষকরা লাভবান হবেন। এতে কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।’’ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মালেক জুয়েল বলেন, ‘‘পাহাড়ের মাটি ও জলবায়ু রাম্বুটান চাষের জন্য উপযুক্ত। আরও উন্নত জাত উদ্ভাবনে গবেষণা চলছে।’’
আকেইপ্রুর বাগানের রাম্বুটান এখন শুধু স্থানীয় বাজারেই নয়, ঢাকার ফল ব্যবসায়ীদের কাছেও আগ্রহ তৈরি করেছে। তিনি জানান, সুপারশপে যেখানে এই ফল বিক্রি হয় প্রতি কেজি ২,৪০০–২,৫০০ টাকায়, তাঁর বাগান থেকে তা অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসায়িক সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।

