Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিতে তরুণদের হারিয়ে যাওয়ার পদচিহ্ন
    অর্থনীতি

    অর্থনীতিতে তরুণদের হারিয়ে যাওয়ার পদচিহ্ন

    হাসিব উজ জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতি এক সম্ভাবনার নাম। ১৭ কোটির বেশি মানুষের এই দেশে তরুণদের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ, যাদের বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে। এই বিশাল যুবশক্তি—যাকে “ডেমোগ্রাফিক ডিভিডেন্ড” বলা হয়—যদি ঠিকভাবে ব্যবহৃত হয়, তবে অর্থনীতিতে বিপ্লব আনা সম্ভব। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই তরুণরাই আজ অর্থনৈতিক গতিশীলতা থেকে হারিয়ে যাচ্ছে।

    কর্মহীনতা, দক্ষতার অভাব, প্রযুক্তিগত খাত থেকে পিছিয়ে পড়া ও সামাজিক বৈষম্য—সব মিলে দেশের অর্থনীতিতে তরুণদের পদচিহ্ন দিন দিন অস্পষ্ট হয়ে উঠছে। তরুণদের এই হারিয়ে যাওয়ার প্রক্রিয়া কেবল ব্যক্তি বা পরিবার নয়—প্রভাব ফেলছে জাতীয় অর্থনীতিতেও। হারিয়ে যাওয়া এসব পদচিহ্ন যেন ক্রমশঃ গভীর হচ্ছে, যার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব, উৎপাদনশীলতার স্থবিরতা এবং সামাজিক অস্থিরতার মতো সংকেতগুলোতে। এই প্রেক্ষাপটেই আজ জরুরি হয়ে উঠেছে—তরুণদের এই হারিয়ে যাওয়া পথে আলো ফেলা। কারণ ভবিষ্যতের বাংলাদেশ গঠনের ভিত্তি তাদের ওপরই নির্ভরশীল।

    বেকার তরুণ উন্নয়নের পথে এক নীরব সংকট: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তরুণ বেকারত্ব একটি গভীর ও চিন্তার বিষয়। প্রতিদিন হাজারো শিক্ষিত তরুণ উচ্চশিক্ষা শেষ করে বের হচ্ছেন, কিন্তু তাদের জন্য কর্মসংস্থানের যথাযথ সুযোগ তৈরি হচ্ছে না। ফলে একটি বড় অংশ দীর্ঘদিন ধরে কর্মহীন থেকে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত জীবনে হতাশা ও হতদ্যমতা তৈরি করছে না, বরং জাতীয় উৎপাদনশীলতাও কমিয়ে দিচ্ছে।

    বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী-বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারীদের মধ্যে বেকার মানুষের সংখ্যা ছিল ৯ লাখ ৬ হাজার, যেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল ৭ লাখ ৯৯ হাজার। শুধু তাই নয়, সার্বিকভাবে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২০২৩ সালে দাঁড়ায় প্রায় ২৬ লাখ ১০ হাজারে।

    একই জরিপে দেখা গেছে, শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার এক বছরের ব্যবধানে ১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। এই ঊর্ধ্বগতি প্রমাণ করে উচ্চশিক্ষা প্রাপ্তি বেকারত্ব থেকে মুক্তি দিচ্ছে না—বরং পরিকল্পনাহীন শিক্ষাব্যবস্থা ও দক্ষতার অভাব চাকরির বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে।

    অন্যদিকে সামগ্রিক বেকারত্বের হার ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৪৮ শতাংশে। অর্থাৎ শুধু শিক্ষিত তরুণই নয়, মোট জনসংখ্যার মধ্যেও বেকারত্ব কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতির জন্য এক দুশ্চিন্তার বার্তা বহন করে।
    আর এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ।

    প্রথমতঃ দেশে শিক্ষার হার বাড়লেও, সেই শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার মিল নেই। অনেক তরুণের দক্ষতা বাজারের চাহিদা অনুযায়ী নয়, ফলে তারা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তথ্যপ্রযুক্তি, শিল্প উৎপাদন কিংবা সেবাখাতে অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় শিক্ষার প্রকৃত ফল কাজে লাগছে না।

    দ্বিতীয়তঃ সামগ্রিক অর্থনীতির ধীরগতি এবং বৈশ্বিক মন্দার প্রভাবেও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নিয়োগে অনিচ্ছুক, আবার অনেকেই বিদ্যমান জনবল ছাঁটাই করছে খরচ কমানোর উদ্দেশ্যে। এতে নতুন করে তরুণদের প্রবেশের সুযোগ আরও সংকুচিত হচ্ছে।

    তৃতীয়তঃ দুর্নীতিও একটি বড় বাঁধা। চাকরির ক্ষেত্রে আর্থিক লেনদেন, পক্ষপাতমূলক নিয়োগ এবং স্বচ্ছতার অভাব তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। মেধা ও যোগ্যতার বদলে প্রভাব ও সম্পদের গুরুত্ব তরুণদের আত্মবিশ্বাসে চরম আঘাত হানে।

    এই বাস্তবতায় তরুণরা অনেকেই বাধ্য হয়ে এমন পেশা বেছে নিচ্ছেন যা তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেউ কেউ আবার অভিবাসনের পথ বেছে নিচ্ছেন, কিন্তু সেখানেও প্রায়শই অদক্ষতা ও ভাষাজ্ঞানের অভাবে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হচ্ছে না।

    এভাবে দেশের একটি বৃহৎ ও কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনীতির মূলধারায় যুক্ত হতে না পারলে, তা ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তরুণদের কর্মসংস্থানে সম্পৃক্ত করতে হলে দক্ষতা উন্নয়ন, শিক্ষানীতি সংস্কার, শিল্পখাতে বিনিয়োগ এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার উপর জোর দিতে হবে। না হলে এই নীরব সংকট একসময় এক ভয়াবহ বাস্তবতায় রূপ নিতে পারে, যা আমাদের সম্ভাবনাকে অক্ষমতায় পরিণত করবে।

    কর্মসংস্থানের অভাব না, দক্ষতার ঘাটতি? বাংলাদেশের বর্তমান শ্রমবাজার বিশ্লেষণ করলে একটি প্রশ্ন স্পষ্টভাবে সামনে আসে—দেশে কি সত্যিই চাকরির অভাব, নাকি মূল সমস্যা দক্ষতার ঘাটতি? বাস্তবতা হলো এই দুই সমস্যাই বর্তমান, তবে দক্ষতার অভাব এখন অধিকতর প্রকট আকার ধারণ করেছে। অনেক তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না। কারণ তাদের শিক্ষাগত ডিগ্রির সঙ্গে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার সংযোগ নেই।

    আজকের চাকরির বাজারে শুধু সার্টিফিকেট যথেষ্ট নয়। আধুনিক শিল্প ও প্রযুক্তিখাতে- যেমন: তথ্যপ্রযুক্তি, গার্মেন্টস, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট—এসব খাতে দক্ষ জনশক্তির প্রয়োজন দিন দিন বাড়ছে। অথচ উচ্চশিক্ষা শেষ করে বের হওয়া তরুণদের একটি বড় অংশ বাস্তবমুখী দক্ষতা থেকে বঞ্চিত। তারা যেখানে তাত্ত্বিক জ্ঞান নিয়ে প্রস্তুত, চাকরির বাজার সেখানে চায় হাতে-কলমে কাজ জানে এমন কর্মী। এই ব্যবধানকেই বলা হয় “Skills Mismatch” বা দক্ষতা-চাহিদার অসামঞ্জস্য, যা এখন এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

    অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও সীমিত, বিশেষ করে সরকারি খাতে। বেসরকারি খাতে কিছু কিছু উদ্যোগ ও স্টার্টআপ সৃষ্টি হচ্ছে বটে, কিন্তু সেগুলোও যোগ্য ও দক্ষ জনশক্তির সংকটে পড়ছে। অনেক প্রতিষ্ঠানই উপযুক্ত কর্মী না পেয়ে বিদেশ থেকে দক্ষ জনবল আনতে বাধ্য হচ্ছে—যা দেশের অর্থনীতির জন্য এক ধরনের ক্ষতি।

    আজকের দিনে কেবল নতুন চাকরি তৈরি করলেই চলবে না, বরং সেই চাকরিগুলোর জন্য প্রস্তুত করে তুলতে হবে দক্ষ তরুণ প্রজন্মকে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজন বড় রকমের রূপান্তর; যেখানে ডিগ্রির পাশাপাশি দক্ষতা অর্জন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও ভাষাজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি, ইংরেজি ভাষা, সফট স্কিল এবং সমস্যা সমাধানমূলক দক্ষতায় দক্ষ করে তুলতে না পারলে তারা চাকরির সুযোগ থাকা সত্ত্বেও মূলধারায় প্রবেশ করতে পারবে না।

    পরিশেষে বলা যায় কর্মসংস্থানের ঘাটতি যেমন বাস্তবতা, তেমনি তা আরও গভীর করে তোলে দক্ষতার অভাব। এই দুই সমস্যার সমন্বিত সমাধান ছাড়া দেশের অর্থনীতিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। এখন সময় এসেছে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির। যাতে শিক্ষিত তরুণরা শুধু স্বপ্ন নয়, বাস্তব সাফল্যের পথেও এগিয়ে যেতে পারে।

    প্রবাসেও হারানোর গল্প: ভালো আয়ের আশায়, পরিবারকে একটু স্বচ্ছলতা দিতে কিংবা নিজের ভবিষ্যৎ গড়তে প্রতিবছর লাখ লাখ তরুণ বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমায়। তারা ভাবে প্রবাসে গেলে জীবনের সব কষ্ট যেন কমে যাবে। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন জীবিকার খোঁজে। ২০২৩ সালে মোট ১৩ লাখ ৭ হাজার ৮৯০ জন কর্মী বিদেশে পাড়ি জমিয়েছিলেন, যা ২০২৪ সালে কমে দাঁড়ায় ১০ লাখ ১১ হাজার ৮৬৯ জনে। এ দুই বছরে যাওয়া কর্মীদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে। শুধু ২০২৫ সালের জানুয়ারি মাসেই বিদেশে গেছেন ৯৭ হাজার ৮৬৭ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে আগের বছরের তুলনায় বেশি কর্মী বিদেশে গিয়েছিলেন।

    এসব দেশে মূলতঃ নির্মাণ, গৃহকর্ম, কৃষি ও পরিষেবা খাতে কাজের সুযোগ বেশি থাকায় বাংলাদেশি কর্মীদের চাহিদাও তুলনামূলকভাবে বেশি। তবে দুঃখজনক বাস্তবতা হলো—এই বিশাল সংখ্যক কর্মীর মধ্যে অধিকাংশই ছিলেন অদক্ষ বা অল্পদক্ষ। ফলে প্রবাসে গিয়েও তারা কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না; বরং অনেক ক্ষেত্রে শোষণের শিকার হচ্ছেন।

    গবেষণায় দেখা গেছে, দক্ষ শ্রমিকদের আয় সাধারণত অদক্ষদের তুলনায় গড়ে তিনগুণ বেশি। কিন্তু বাংলাদেশ থেকে যারা বিদেশে যান, তাদের অনেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ, ভাষাজ্ঞান বা পেশাগত যোগ্যতা ছাড়াই বিদেশে পাড়ি দেন। ফলে তারা বাধ্য হন কম বেতনের কষ্টকর কাজে নিযুক্ত হতে, যেখানে শ্রমঘণ্টা বেশি, কিন্তু নিরাপত্তা বা অধিকার কম।

    এই অবস্থায় প্রবাসে যাওয়া মানেই অনেক সময় উন্নত জীবনের স্বপ্ন নয়, বরং অজানা এক দুঃসহ বাস্তবতার মুখোমুখি হওয়া। কেউ কেউ মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েন, আবার কেউ অসুস্থতা বা দুর্ঘটনার কারণে কর্মক্ষমতা হারিয়ে দেশে ফেরেন ঋণের বোঝা মাথায় নিয়ে। অভিবাসী শ্রমিকদের এই অবস্থা শুধু ব্যক্তিগত নয়—দেশের অর্থনীতির জন্যও এক ধরনের ক্ষতি। কারণ অদক্ষ শ্রমশক্তির কারণে রেমিট্যান্স আয়ের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম থাকে।

    এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো প্রবাসী কর্মীদের দক্ষ করে তোলা। বিদেশে পাঠানোর আগে তাদের জন্য মানসম্মত প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, প্রযুক্তি ব্যবহারের জ্ঞান এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিদেশগামী কর্মীদের জন্য স্বচ্ছ ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

    সামাজিক বৈষম্য ও শিক্ষাগত দুর্বলতা: বাংলাদেশে শহর ও গ্রামের মধ্যে সুযোগের ব্যবধান এখনো বেশ বড়। শহরের শিক্ষার্থীরা যেখানে আধুনিক শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও নানা সহায়ক সুবিধা পেয়ে থাকে, সেখানে গ্রামের শিক্ষার্থীরা এখনো অনেক কিছু থেকে বঞ্চিত। একই মানের পাঠ্যক্রম থাকলেও বাস্তবে শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষকের মান, শিক্ষাসামগ্রী ও প্রযুক্তি ব্যবহারের দিক থেকে গ্রাম পিছিয়ে।

    ডিজিটাল সুবিধার অভাব, ইন্টারনেট সংযোগ না থাকা এবং পারিবারিক দারিদ্র্য—এই তিনটি কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় না। শহরের শিক্ষার্থীরা যেখানে কোচিং, অনলাইন ক্লাস ও নানা সহায়ক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে, সেখানে গ্রামের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে।

    এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও জটিল। অনেক ক্ষেত্রে বাল্যবিয়ে, পারিবারিক নিয়ন্ত্রণ এবং সামাজিক কুসংস্কারের কারণে মেয়েরা মাঝপথেই পড়ালেখা বন্ধ করতে বাধ্য হয়। নিরাপত্তার অভাব ও সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাদের উচ্চশিক্ষা ও পেশাজীবনে অংশগ্রহণকে বাঁধাগ্রস্ত করে।

    ফলে প্রতিভা ও স্বপ্ন থাকা সত্ত্বেও অনেক তরুণ-তরুণী পিছিয়ে পড়ছে শুধু পরিবেশ ও সুযোগের অভাবে। এই অসমতা শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতি নয়, বরং পুরো দেশের সম্ভাবনার অপচয়। এই বৈষম্য দূর করতে হলে শিক্ষাকে সব শ্রেণি-পেশার জন্য সমানভাবে সহজলভ্য ও মানসম্পন্ন করতে হবে। প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। পাশাপাশি মেয়েদের জন্য নিরাপদ, সহানুভূতিশীল ও উৎসাহদায়ক পরিবেশ তৈরি করতে পারলেই সমাজ এগিয়ে যাবে সাম্যের পথে।

    সমাধানের পথ কোথায়?

    বাংলাদেশের তরুণ সমাজ এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বেকারত্ব, দক্ষতার ঘাটতি এবং সুযোগের অসমতা—এই তিনটি চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করতে না পারলে আমাদের আগামী প্রজন্ম পিছিয়ে পড়বে। তবে এই সংকট থেকে উত্তরণের উপায় রয়েছে, যদি আমরা সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা নিয়ে এগিয়ে যাই।

    প্রথমতঃ শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও বাজারমুখী করতে হবে। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে বাস্তব দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে। কারিগরি ও পেশাগত শিক্ষাকে (TVET) বিস্তৃত করে তাতে আধুনিক প্রযুক্তি, ভাষা শিক্ষা ও সফট স্কিল যুক্ত করতে হবে। এতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবে।

    দ্বিতীয়তঃ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিল্প খাতের সাথে কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। ইন্টার্নশিপ, প্রশিক্ষণভিত্তিক শিক্ষা এবং গবেষণা ভিত্তিক উদ্যোগ তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে, যা তাদের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে।

    তৃতীয়তঃ তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে না দেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে। স্বল্পসুদের ঋণ, প্রশিক্ষণ ও পরামর্শদাতা (মেন্টরশিপ) সুবিধা দিয়ে তাদের উৎসাহিত করা জরুরি। যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ দিতে পারে।

    চতুর্থতঃ ডিজিটাল দক্ষতা এই যুগের সবচেয়ে বড় চাহিদা। AI, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি—এই খাতগুলোতে প্রশিক্ষণ বাড়াতে হবে। এতে শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিকভাবেও তরুণরা চাকরির বাজারে প্রবেশ করতে পারবে।

    পাশাপাশি পিছিয়ে থাকা ও প্রান্তিক তরুণদের বিশেষ সহায়তা দিতে হবে। স্কলারশিপ, ফ্রি ট্রেনিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে যেন কেউ পেছনে পড়ে না থাকে।

    নতুন শিল্প, স্টার্টআপ ও সেবা খাতে বিনিয়োগ বাড়িয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা জরুরি। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে এই প্রসার সম্ভব। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, যাতে মেধা ও যোগ্যতাই হয় মূল মানদণ্ড।

    এই সমস্যা একা কোনো পক্ষের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, পরিবার এবং তরুণ সমাজ—সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি শক্তিশালী, দক্ষ এবং আত্মবিশ্বাসী প্রজন্ম। যারা শুধু নিজেদের নয়, পুরো দেশকেও এগিয়ে নেবে।

    তরুণরা একটি জাতির সম্ভাবনা, তাদের হাতেই ভবিষ্যতের পথনকশা। কিন্তু বাংলাদেশে সেই সম্ভাবনাময় প্রজন্মের অনেকেই আজ হারিয়ে যাচ্ছে দিকহীনতার অন্ধকারে—বেকারত্ব, দক্ষতার ঘাটতি, বৈষম্য আর সুযোগের অভাবে। এটা শুধু ব্যক্তি বা পরিবারের নয়, গোটা জাতির জন্য এক নীরব বিপর্যয়।

    তবে এই সংকটই হতে পারে নতুন সম্ভাবনার সূচনা, যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায়। যুগোপযোগী শিক্ষা, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোগে উৎসাহ দেওয়া—এসবের সমন্বয়ে গড়ে উঠতে পারে একটি আত্মবিশ্বাসী ও উৎপাদনশীল তরুণ সমাজ। এই প্রজন্ম যেন হারিয়ে না যায়, বরং আলো হয়ে জ্বলে ওঠে—এই প্রত্যাশায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকে একসাথে এগিয়ে আসতে হবে। তাহলেই অর্থনীতির পথে ভেসে থাকা পদচিহ্ন একদিন শক্ত ভিত্তির ভিতরেই রূপ নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.