পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান শিরীন পারভিন হকের হাতে অনুদানের পেমেন্ট অর্ডার (চেক) হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আহমেদ এনায়েত মনজুরসহ বিভিন্ন কর্মকর্তা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (অর্থ) মনিকা রানী সরকার।
১৯৭২ সাল থেকে গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর ট্রাস্ট হিসেবে সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ দেশের অন্যতম কিডনি চিকিৎসাকেন্দ্র। এখানে প্রতিদিন ২৫০ থেকে ২৭০ জন রোগী চিকিৎসা নেন। কেন্দ্রটি সার্বক্ষণিক, বছরে ৩৬৫ দিন, চারটি শিফটে সেবা দিয়ে যাচ্ছে।
পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির ৫০৯টি শাখা ও ২৩৫টি উপশাখা রয়েছে। আর্থিক খাতের পাশাপাশি ব্যাংকটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত।
অনুদান প্রদান অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “আমরা শুধু আর্থিক খাতে নয়, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখি। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এই খাতে অবদান রাখতে পারা আমাদের জন্য গর্বের।”

