পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিছুটা স্বস্তি পেয়েছেন—আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বাজেটে সার ও কীটনাশকের ওপর নতুন করে কর আরোপের সরকারি প্রস্তাবে আপত্তি তোলেনি। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আইএমএফকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম, কৃষিখাত বিশেষ করে সার ও কীটনাশকের ওপর কর বসানো হবে না। কারণ এই খাত ইতিমধ্যে সংকটে রয়েছে।”
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইএমএফ প্রাথমিকভাবে সারের ওপর ফেডারেল এক্সাইজ ডিউটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং কীটনাশকের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দেয়। এতে সরকারের রাজস্ব বাড়ত ৩০ থেকে ৪০ বিলিয়ন রুপি। কিন্তু একই সঙ্গে কৃষকদের উৎপাদন খরচ, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের, মারাত্মকভাবে বেড়ে যেত।
পাকিস্তানে শিল্পখাত নানা সংকটে থাকায় দেশের সামগ্রিক প্রবৃদ্ধি এখন অনেকটাই কৃষির ওপর নির্ভরশীল। সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এটি অর্জন করতে হলে কৃষিখাতে অন্তত ৪.৪ শতাংশ ও ফসল খাতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি লাগবে। পাশাপাশি বৃহৎ শিল্প উৎপাদনে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধি জরুরি।
কৃষিখাত শুধু অর্থনীতির জন্য নয়, দেশের গ্রামীণ জীবিকায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জাতীয় জিডিপির ২৩.৫ শতাংশ এবং শ্রমশক্তির ৩৭ শতাংশের বেশি কর্মসংস্থান জোগায়। ফলে কৃষির প্রকৃত সম্ভাবনা কাজে লাগানো এখন সময়ের দাবি।
এই লক্ষ্যে উৎপাদন খরচ কমানো, যান্ত্রিকীকরণ, আধুনিক সেচ পদ্ধতির প্রসার, সহজ শর্তে কৃষিঋণ, এবং উচ্চফলনশীল বীজ উদ্ভাবনের ওপর জোর দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে গম বাজার থেকে সরে আসার প্রেক্ষাপটেও এসব পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের টিকিয়ে রাখতে।
আইএমএফ কৃষকদের ওপর কর না চাপিয়ে যে ‘স্বস্তি’ দিয়েছে, তা দেখায়—শুধু কঠোর শর্ত চাপিয়েই নয়, বরং বিশ্বাসযোগ্য রাজস্ব পরিকল্পনার মাধ্যমেও সংস্থাটি সন্তুষ্ট থাকতে পারে। এর মানে, করের আওতা বাড়াতে হবে। যেসব খাতে এখনো সঠিকভাবে কর আদায় হচ্ছে না—যেমন খুচরা ব্যবসা, রিয়েল এস্টেট, বড় কৃষক এবং পেশাজীবী (ডাক্তার, আইনজীবী) —তাদের করের আওতায় আনতে হবে।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এসব উদ্যোগের মধ্যেই শাসকদল পিএমএল-এন-এর ভেতর থেকেই প্রবল বিরোধিতা উঠছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাষ্ট্র তখনই টিকে থাকতে পারে, যখন সব শ্রেণির মানুষ আয়ের উৎস নির্বিশেষে কর প্রদান করে। এই সংস্কারমুখী পদক্ষেপে দেরি করা হলে তা হতে পারে আত্মঘাতী

