ইরান-ইসরায়েল সংঘাত থেমে গেলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ এখনো কাটেনি। এই উদ্বেগ কমাতেই ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগের একটি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ফের যুক্ত হতে কূটনৈতিকভাবে সক্রিয় হচ্ছে ওয়াশিংটন। আলোচনার অংশ হিসেবে ইরানকে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই বিনিয়োগ দিয়ে ইরানে একটি বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করা হবে।
তবে এর শর্তও রয়েছে। ইরানকে অবশ্যই সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র চায়, সংযুক্ত আরব আমিরাতের মতো মডেল অনুসরণ করে ইরান যেন বাইরে থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করে। যদিও তেহরান বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্যই।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছেন, তাতে বলা হয়েছে, ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না। বরং ট্রাম্প প্রশাসন আরব উপসাগরীয় দেশগুলোকে এ বিনিয়োগে অংশ নিতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা। বৈঠকের পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়ছে।
ইরানকে আলোচনায় রাজি করাতে যুক্তরাষ্ট্র কিছু ছাড়ের প্রস্তাবও দিচ্ছে। এর মধ্যে রয়েছে—আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার মুক্ত করা। এছাড়া সম্প্রতি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ফোরদো পরমাণু স্থাপনার বিকল্প হিসেবে একটি নতুন, সমৃদ্ধকরণক্ষমতাবিহীন স্থাপনা নির্মাণের কথাও বিবেচনায় আছে। তবে এই নতুন স্থাপনাটি ইরান ব্যবহার করতে পারবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বিশেষ দূত উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ শান্তি চুক্তি’ চায়। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের সব প্রস্তাবের মূল লক্ষ্য—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিবর্তনের সম্ভাবনা আছে। কাতার এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির বাস্তবায়নে সহায়ক ছিল এবং ভবিষ্যতেও একই ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছে। ষষ্ঠ দফার আলোচনা ওমানে হওয়ার কথা থাকলেও ইসরায়েলের হামলার কারণে তা বাতিল হয়। নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা থাকলেও ইরানের অবস্থান কঠোর হয়ে উঠছে। সাম্প্রতিক এক সিদ্ধান্তে ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধে আইন পাস করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তেহরান তাদের কর্মসূচি আরও গোপন রাখতে চায়।
প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনার বিষয়ে বার্তা দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই আলোচনা শুরু হতে পারে। তবে একইসঙ্গে বলেছেন, ‘চুক্তি হোক বা না হোক, আমার কিছু যায় আসে না।’ তা সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ভবিষ্যৎ সংঘাত এড়াতে একটি দীর্ঘমেয়াদি চুক্তি প্রয়োজন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, টেকসই সমঝোতা চাইলে ইরানকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে, মধ্যস্থতাকারী ছাড়াই। শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। পরবর্তী আলোচনার সময়ও নির্ধারিত হয়নি

