দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আলু এখন দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে। এতে করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরাও। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন অনেক চাষি।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। ফলন ভালো, দামও মিলছে ভালো। এতে খুশি এই এলাকার কৃষকেরা। রপ্তানির জন্য আলু বাছাই ও প্যাকেট করতে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও ব্যস্ত সময় পার করছে।
মোহাম্মদপুর ইউনিয়নের আলু চাষি বশির মিয়া জানান, তিনি এ বছর ১১ বিঘা জমিতে সানসাইন ও কুমারিকা জাতের আলু চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। বিক্রি করেছেন ১৩ লাখ টাকার মতো। আগের বছরের তুলনায় কীটনাশক ও স্প্রে বেশি দিতে হয়েছে, তাই খরচ কিছুটা বেশি পড়েছে। তবে বিদেশে আলুর রপ্তানি শুরু হওয়ায় বাজারে চাহিদা বেড়েছে এবং দামও মিলেছে ভালো। ফলে লাভ হয়েছে ভালোই।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় ৯ হাজার ৫৯২ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের ৯ হাজার ৫৬০ হেক্টরের চেয়েও বেশি। ফলন ভালো হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে ‘আলুবাড়ী’ নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান সানসাইন ও কুমারিকা জাতের আলু প্রক্রিয়াজাত করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। তারা প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে বিদেশে পাঠাচ্ছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বীরগঞ্জ থেকে ২৪৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এতে কৃষকরা বেশি দামে আলু বিক্রি করতে পারছেন। রপ্তানির কারণে চাহিদাও দিন দিন বাড়ছে।

