রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চল থেকে চুরি হওয়া গম বাংলাদেশে রপ্তানি হচ্ছে—এমন অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কিয়েভ বলছে, একাধিকবার সতর্কতা জানানোর পরও বাংলাদেশ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শুক্রবার (২৭ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
দক্ষিণ এশিয়ায় নিযুক্ত ইউক্রেনের একজন শীর্ষ কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া দখল করা ইউক্রেনীয় কৃষি অঞ্চল থেকে গম সংগ্রহ করে তা নিজেদের উৎপাদিত গমের সঙ্গে মিশিয়ে বিদেশে পাঠাচ্ছে। ইউক্রেনের দাবি, সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। রুশ কর্মকর্তারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, পূর্ব ইউক্রেনের যে অঞ্চলগুলো থেকে গম নেওয়া হয়েছে, সেগুলো এখন রাশিয়ার অংশ এবং চিরকাল তাই থাকবে। তাই এখানে ‘গম চুরি’র প্রশ্নই আসে না।
রয়টার্সের হাতে থাকা নথিপত্র অনুযায়ী, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইউক্রেন দূতাবাস চলতি বছর একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। এসব চিঠিতে রাশিয়ার কাভকাজ বন্দর থেকে পাঠানো ১ লাখ ৫০ হাজার টনেরও বেশি ‘চুরি হওয়া গম’ প্রত্যাখ্যানের অনুরোধ জানানো হয়।
তবে এসব যোগাযোগের কোনো জবাব দেয়নি বাংলাদেশ, জানিয়েছেন ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক। তার দাবি, ইউক্রেনের গোয়েন্দা তথ্য বলছে—দখলকৃত অঞ্চল থেকে সংগৃহীত গম রুশ গমের সঙ্গে মিশিয়ে রপ্তানি করছে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান।
পোলিশচুক বলেন, “এটি একটি অপরাধ। আমরা এই তদন্তের ফলাফল ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে শেয়ার করব এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব।” রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও তারা কোনো সাড়া দেয়নি

