ভারত বাংলাদেশ সীমান্তের যেকোনো স্থলবন্দর দিয়ে পাট, সুতা ও বোনা কাপড়সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত।
শুক্রবার (২৭ জুন) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে স্থলবন্দর হয়ে ভারতীয় ভূখণ্ডে কোনো পণ্য প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে—
- পাটজাত পণ্য
- একাধিক ভাঁজের বোনা কাপড়
- একক শণ সুতা
- ব্লিচ না করা পাটের কাপড়
তবে এই পণ্যগুলো মুম্বাইয়ের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি থাকছে।
ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ। রপ্তানির দিক দিয়ে এই খাতেও বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয়। যদিও ভারত সামগ্রিকভাবে সবচেয়ে বেশি পাট উৎপাদন করে, কিন্তু বৈশ্বিক বাজারে রপ্তানিতে বাংলাদেশই এগিয়ে।
এর আগে চলতি বছরের মে মাসে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই সময় শুধু নহাভা শেভা ও কলকাতা বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে। স্থলবন্দর ব্যবহার বন্ধের সিদ্ধান্তে তৈরি পোশাক ও পাট খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

