দেশে ক্রমেই বাড়ছে ভুট্টার উৎপাদন। ধানের চেয়ে বেশি দাম পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা। পানির চাহিদা ও পরিচর্যার প্রয়োজন কম হওয়ায় এবং উৎপাদন বেশি হওয়ায় উত্তরাঞ্চলে ফসলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এতে ভুট্টা আমদানি কমেছে, একইসঙ্গে গড়ে উঠেছে ৮০ হাজার কোটি টাকার প্রাণিখাদ্য (ফিড) শিল্প।
খাত–সংশ্লিষ্টরা বলছেন, নিশ্চিত বাজার ও তুলনামূলক বেশি লাভের কারণে কৃষকেরা ধান ও গমের বদলে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। এতে দেশের উত্তরাঞ্চলে গড়ে উঠছে একটি নতুন উদ্যোক্তা শ্রেণি, যারা ভুট্টা কিনে সরবরাহ করছেন ফিড কারখানায়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশে ভুট্টার উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে।
দ্বিগুণের বেশি বেড়েছে উৎপাদন:
- ২০১৫–১৬ অর্থবছরে উৎপাদন ছিল ২৭ লাখ ৫৯ হাজার টন
-
২০২৩–২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৮৪ হাজার টনে
-
চলতি ২০২৪–২৫ অর্থবছরে উৎপাদন কিছুটা কমে হয়েছে প্রায় ৬৬ লাখ টন
- একই সময় আবাদি জমির পরিমাণও দ্বিগুণের বেশি বেড়েছে।
-
২০১১–১২ সালে ভুট্টা আবাদ হয়েছিল ২.৮৩ লাখ হেক্টরে
- ২০২৪–২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৫.৭৮ লাখ হেক্টরে
বাজার তৈরি করছে ফিডশিল্প:
- দেশে ভুট্টার বার্ষিক চাহিদা প্রায় ৭০–৭৫ লাখ টন। এর বড় অংশই এখন পূরণ হচ্ছে দেশীয় উৎপাদনে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী,
- ২০২০–২১ সালে দেশে ভুট্টা আমদানি হয়েছিল ২১ লাখ ১৪ হাজার টন
- ২০২৩–২৪ সালে তা কমে দাঁড়ায় সাড়ে ৪ লাখ টনে, চলতি অর্থবছরে (২০২৪–২৫) উৎপাদন কমে যাওয়ায় আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ টনে
ফিডশিল্পের বিকাশের সঙ্গে বাড়ছে ভুট্টার চাহিদা। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে নিবন্ধিত ফিড মিলের সংখ্যা প্রায় ৩০০। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি এহতেশাম বি শাহজাহান বলেন, ‘আমরা এখন শতভাগ ভুট্টা নগদ টাকায় কৃষকদের কাছ থেকে কিনছি। আমাদের মোট চাহিদার ৭০ ভাগই দেশীয়ভাবে সংগ্রহ হচ্ছে।’ ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, আর কৃষকেরাও পাচ্ছেন ভালো দাম। তবে তিনি জানান, ডিম ও মুরগির দাম কম থাকায় খামারিরা কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কৃষক আহমেদ আলী বলেন এবার তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। তাঁর হিসাবে বিঘাপ্রতি খরচ হয়েছে ৩০–৩৫ হাজার টাকা, উৎপাদন হয়েছে ৬৫–৭৫ মণ, বিক্রি করেছেন প্রতি মণ ৮৭০ টাকায়, আয় হয়েছে বিঘাপ্রতি ৬০–৬৫ হাজার টাকা,আহমেদ আলী জানান ধান চাষ করলে এই জমিতে আয় হতো সর্বোচ্চ ৪০ হাজার টাকা। অথচ ভুট্টা চাষে তিনি প্রতি বিঘায় ২০–২৫ হাজার টাকা বেশি পেয়েছেন।
চাষের পাশাপাশি ভুট্টা ব্যবসায় যুক্ত আকবর আলী বলেন, ‘ধান চাষে খরচ ও পরিশ্রম বেশি, লাভ কম। ভুট্টায় লাভ বেশি এবং শ্রমও কম। তাই কৃষকেরা এখন ভুট্টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।’ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, দেশে আমদানি করা উচ্চফলনশীল জাত বেশি জনপ্রিয়। আমাদের নিজস্ব দুটি জাত থাকলেও বীজ সরবরাহে সীমাবদ্ধতা রয়েছে। ফলে কৃষকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘ভুট্টা চাষে পানির প্রয়োজন কম, পরিচর্যাও সহজ।
তাই উত্তরাঞ্চলের খরা–প্রবণ এলাকায় এর জনপ্রিয়তা বাড়ছে। তবে এবার মাড়াইয়ের সময় টানা বৃষ্টির কারণে ফলন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টার চাষ হয়। শীর্ষ ১০ জেলা হচ্ছে—
দিনাজপুর, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, ঝিনাইদহ, জামালপুর ও গাইবান্ধা। কৃষকেরা এখন ভুট্টা চাষকে শুধু ফসল নয়, বরং লাভজনক ব্যবসা হিসেবেও দেখছেন। যেকোনো উঁচু জমিতে সহজে চাষ করা যায়, পরিচর্যা কম, ফলন বেশি, আর বিক্রি নিশ্চিত—এসব কারণে ভুট্টা এখন ধানের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।

