রাজধানীর অলিগলিতে চালু হতে যাচ্ছে ব্যাটারিচালিত রিকশা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৈরি নকশায় এসব রিকশা নির্মিত হবে। এগুলো চালাতে হলে চালকদের প্রশিক্ষণ নিতে হবে এবং সরকার অনুমোদিত লাইসেন্স পেতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকেরা ঢাকার প্রধান সড়ক বাদে পাড়া-মহল্লায় রিকশা চালাতে পারবেন।
এই উদ্যোগ বাস্তবায়নে প্রথম ধাপে চালকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক তৈরির কাজ শুরু হয়েছে। ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৩ লাখ ৮০ হাজার টাকা। ২৮, ২৯ ও ৩০ জুন তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপে অংশ নিচ্ছেন ২০০ জন।
প্রশিক্ষণের খরচ বহন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামকে। ব্র্যাকের ২৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। ডিএনসিসি ও ব্র্যাক সূত্র জানায়, ৩০০ জনের মধ্যে ২০০ জনের তালিকা দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। তাঁদের মধ্যে ১৭৫ জন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আগে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। বাকি ১০০ জন পুলিশ ট্রাফিক বিভাগের সদস্য।
ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ব্যবস্থাপক মতিউর রহমান জানান, প্রশিক্ষণে মূলত শেখানো হচ্ছে কিভাবে একজন প্রশিক্ষক দক্ষভাবে রিকশাচালকদের প্রশিক্ষণ দিতে পারবেন। প্রথম দিন থাকছে উপস্থাপনার পাঠ। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ কৌশল শেখানো হবে। তৃতীয় দিন রিকশার কারিগরি বিষয় ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি শেখানো হবে। তাঁর মতে, তিন দিনের সময় খুবই সীমিত। তাই ন্যূনতম স্নাতক বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরই প্রশিক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির প্রশিক্ষকেরাও রয়েছেন এই তালিকায়।
ডিএনসিসি ইতোমধ্যে রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করে একটি খসড়া প্রবিধান তৈরি করেছে। তবে কিছু সড়কে এই গতি সীমিত থাকবে ১৫ থেকে ২০ কিলোমিটারে। আইন প্রয়োগ ও সচেতনতাই এ ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হবে বলে মত মতিউর রহমানের। প্রতিদিন প্রশিক্ষকদের দেওয়া হচ্ছে এক হাজার টাকা ভাতা, সঙ্গে খাবার ও নাশতার ব্যবস্থা। কর কেটে তিন দিনে প্রতিজন প্রশিক্ষক পাচ্ছেন প্রায় আড়াই হাজার টাকা।
ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাসুদ জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণে ১০টি কেন্দ্রে ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে ২০ জন করে অংশ নিচ্ছেন। গুলশান নগর ভবন, উত্তরা, মহাখালী, মিরপুর-২ ও মিরপুর-৪-এর ডিএনসিসি অফিসে এই প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষককে একটি করে ল্যাপটপ ও ওয়েবক্যাম দেওয়া হবে, যাতে ভবিষ্যতে রিকশাচালকদের প্রশিক্ষণ দিতে পারেন এবং তথ্য সংগ্রহ করতে পারেন। এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। এছাড়া প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য ১০টি ব্যাটারিচালিত রিকশাও কেনা হচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, তরুণদের রাষ্ট্রীয় কাজে যুক্ত করার উদ্যোগ প্রশংসনীয়। তবে এটি একটি কারিগরি বিষয়, যা সড়ক নিরাপত্তার সঙ্গে যুক্ত। মাত্র তিন দিনের প্রশিক্ষণ যথেষ্ট নয়। দক্ষতা এবং দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিশ্চিত না হলে রাষ্ট্রীয় অর্থ অপচয় হতে পারে।

