বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। এই রোগে প্রতিরোধযোগ্য মৃত্যুর হার কমাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। চিকিৎসা খরচ কমানো থেকে শুরু করে ঢাকার বাইরে হৃদরোগ চিকিৎসা বিস্তারে নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ।
সরকারের পরিকল্পনায় রয়েছে স্টেন্টের দাম কমানো, নতুন ক্যাথল্যাব স্থাপন, অকেজো ক্যাথল্যাব সচল করা এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে কার্ডিওলজিস্ট নিয়োগ ও হৃদরোগ চিকিৎসার যন্ত্রপাতির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার কাজও চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে গত ১৯ মার্চ অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “দেশে এখন অনেক হৃদরোগীই দেশে চিকিৎসা নিচ্ছেন। ভারতের প্রতি নির্ভরতা কমছে। পাশাপাশি স্টেন্টের দামও যৌক্তিক পর্যায়ে আনা হবে।”
ঢাকার বাইরে চিকিৎসা সেবা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আরও একটি ক্যাথল্যাব বসানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সেখানে ৭টি ক্যাথল্যাব থাকলেও সবগুলো কার্যকর নয়। ফরিদপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জে স্থাপিত ক্যাথল্যাব চালু না হওয়ায় সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সিসিইউ স্থাপন করা হবে। বগুড়া, রাজশাহী ও দিনাজপুরেও হৃদরোগ চিকিৎসা সম্প্রসারিত হবে।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের গড় স্টেন্টের মূল্য এবং বাংলাদেশের কর কাঠামো পর্যালোচনা করে স্টেন্টের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ২৬ ধরনের স্টেন্টের মধ্যে সবচেয়ে কম দাম ২০ হাজার টাকা আর বেশি দাম ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। তবে কম দামি স্টেন্টের ব্যবহার খুব কম। এক লাখ টাকার বেশি দামের স্টেন্টই বেশি ব্যবহৃত হয়। সরকার অন্তত ৫ হাজার টাকা কমানোর চিন্তা করছে। স্টেন্ট, যাকে সাধারণভাবে ‘রিং’ বলা হয়, হৃদপিণ্ডে রক্ত চলাচল সচল রাখতে এনজিওপ্লাস্টি করে বসানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে ৩০ শতাংশই কার্ডিওভাসকুলার রোগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, ২০২২ সালে দেশে ১৭.৪৫ শতাংশ মৃত্যু ঘটেছে শুধু হার্ট অ্যাটাকে। ২০২৪ সালে দেশে প্রায় ৯৯ হাজার এনজিওগ্রাম, ৩৫ হাজারের বেশি এনজিওপ্লাস্টি, ৩ হাজার ৮৯৬টি পেসমেকার প্রতিস্থাপন এবং ১৪ হাজার ৫৫৪টি কার্ডিয়াক সার্জারি হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী জানান, হৃদরোগ বৃদ্ধির মূল কারণ হলো—তামাক, স্থূলতা, অতিরিক্ত লবণ, ট্রান্স ফ্যাট ও বায়ু দূষণ। কার্ডিয়াক সার্জন সোসাইটি অভ বাংলাদেশের তথ্যে জানা যায়, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪২টি কার্ডিয়াক কেয়ার ইউনিট রয়েছে, তবে কার্ডিয়াক সার্জারি হয় মাত্র তিনটি সরকারি হাসপাতালে—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেলে। সিলেট, রংপুর, খুলনায় ক্যাথল্যাব থাকলেও সেখানে শুধু এনজিওগ্রাম হয়, সার্জারি হয় না। প্রতি বছর প্রয়োজন ২৫ হাজার সার্জারি, কিন্তু হয় মাত্র ১০-১২ হাজারটি।
সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে ৮৭টি ক্যাথল্যাব রয়েছে, যার ৫৮টিই ঢাকায়। দক্ষ জনবল না থাকায় আটটি ক্যাথল্যাব ব্যবহৃত হচ্ছে না। অনেক হাসপাতালে যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনটি মেশিন অকেজো। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে আরও আটটি ক্যাথল্যাব অকেজো অবস্থায় রয়েছে। কার্ডিওলজিস্টদের সংকটও গুরুতর। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির প্রায় ৩ হাজার সদস্যের মধ্যে অনেকে আর পেশায় নেই বা দেশের বাইরে রয়েছেন। শিশু হৃদরোগ চিকিৎসক মাত্র ৩০ জন, এবং বেশিরভাগই ঢাকায়।
পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটির তথ্যে, দেশে ৪ লাখ শিশু হৃদরোগে আক্রান্ত। প্রতিবছর জন্ম নেয় ৫০ হাজার শিশু, জন্মগত হৃদরোগ নিয়ে। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই চিকিৎসার অভাবে মারা যায়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. এ বি এম আব্দুস সালাম বলেন, শিশু হৃদরোগ চিকিৎসক না থাকায় বহু শিশুর জীবন ঝুঁকিতে পড়ছে।
হার্ট অ্যাটাকের সময় তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিন্তু দেশে জরুরি হৃদরোগ চিকিৎসা, বিশেষ করে ঢাকার বাইরে, খুবই সীমিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, দেশে ৪৩টি প্রতিষ্ঠানে হৃদরোগ চিকিৎসা হয়, তার মধ্যে মাত্র ৮টি ঢাকার বাইরে। দেশের ৯৫ শতাংশ কার্ডিয়াক সার্জারি হয় ঢাকায়, অথচ দেশের ৯০ শতাংশ মানুষ থাকে ঢাকার বাইরে। ডা. ফারুক ওসমানী বলেন, ইসিজি ও সিরাম ট্রপোনিন পরীক্ষার মাধ্যমে দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করা যায়। তিনি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে অনলাইনে কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন।

