কানাডা আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ৩ শতাংশ ডিজিটাল কর কার্যকর করতে যাচ্ছে। এতে গুগল, আমাজন, মেটা ও অ্যাপলের মতো কোম্পানিগুলো অন্তর্ভুক্ত। যেসব কোম্পানি কানাডা থেকে বছরে ২ কোটি ডলারের বেশি ডিজিটাল আয় করে, তাদের এই কর দিতে হবে। হিসাব করা হবে ২০২২ সাল থেকে।
এই সিদ্ধান্তকে “যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি আক্রমণ” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ঘোষণায় তিনি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করার কথা জানান। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক বসানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সম্প্রতি উষ্ণ ছিল। জুনের মাঝামাঝি অনুষ্ঠিত জি–৭ সম্মেলনে উভয় দেশ ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে হঠাৎ কর আরোপের সিদ্ধান্তে সেই ইতিবাচক পরিবেশ ভেঙে পড়েছে।
নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, “এই কর যুক্তরাষ্ট্রের প্রতি নির্লজ্জ আক্রমণ। তাই এখন থেকে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ।” হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “তাদের আচরণ ঠিক না করা পর্যন্ত কোনো আলোচনা নয়। আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে।”
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, কানাডার এই কর আরোপে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বছরে আনুমানিক ২ বিলিয়ন ডলার ক্ষতি হবে। তিনি জানান, ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস এই বিষয়ে ‘সেকশন ৩০১’ তদন্ত শুরু করতে পারে। এর ফলে কানাডার বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানোর পথ তৈরি হবে।
এই প্রথম নয়—এর আগেও ইউরোপের কিছু দেশ ডিজিটাল কর আরোপ করলে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল। বর্তমানে ট্রাম্প প্রশাসন চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বেসেন্ট জানিয়েছেন, ১৮টি বড় বাণিজ্য অংশীদারের সঙ্গে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সেপ্টেম্বরে ‘লেবার ডে’-র আগেই কয়েকটি চুক্তি সম্পন্ন হতে পারে।
চীনের সঙ্গে সম্প্রতি এক সংশোধিত চুক্তিতে যুক্তরাষ্ট্র ফের চীনা গুরুত্বপূর্ণ খনিজ ও চুম্বক আমদানির পথ খুলে দিয়েছে। আগে এসব রপ্তানি বন্ধ থাকায় বিশ্বব্যাপী প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সংকট দেখা দেয়। এছাড়া, জাপান ও ভারতের সঙ্গেও বাণিজ্য আলোচনা চলছে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্পরিক স্বার্থে একটি লাভজনক চুক্তির লক্ষ্যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।

