জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাত সংস্কারের দাবিতে আজ শনিবার থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই রাজধানীর এনবিআর কার্যালয়ের সামনে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন ঢাকায় কর্মরত কর্মকর্তারাও।
এই পরিস্থিতিতে এনবিআর ভবনের মূল ফটক বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভেতরে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব ও কোস্টগার্ড সদস্যরা। ভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান ও দাঙ্গা দমন গাড়িও।
আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সংকট সমাধানের পরিবর্তে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তাঁদের দাবি, এই অবস্থায় তাঁর নেতৃত্বে আর কাজ সম্ভব নয়। ফলে রাজস্ব খাতে সার্বিক সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণ ছাড়া বিকল্প নেই।
চলমান বিক্ষোভের অংশ হিসেবে আজ থেকেই সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এক আন্দোলনকারী কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে ঢুকতেও দিচ্ছে না, আবার কেউ বেরোতেও পারছে না। পুরো ভবন ঘিরে রাখা হয়েছে।

