যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) সাবেক বাণিজ্য নীতি প্রধান ড. খলিলুর রহমান জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশই দ্রুত চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী। সরকারি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক এড়াতে এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে চুক্তির একটি খসড়া যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে বাংলাদেশে। ঢাকা সেই খসড়ার ওপর মতামত জানিয়ে দিয়েছে ওয়াশিংটনে।
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ওয়াশিংটনে ড. খলিলুর রহমান এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিনিধিদের মধ্যে আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে চুক্তির বিভিন্ন দিক নিয়ে দরকষাকষি হয়। সরকার আশা করছে, আগামী ২৯ জুন রোববার আরও একটি বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত হবে। এই চুক্তি হলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক কমানো সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর ঘোষণা করা হয় অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক। তবে ৯ এপ্রিল তিনি তিন মাসের জন্য এই বাড়তি শুল্ক স্থগিত করেন। এই মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই। যদিও বেশিরভাগ দেশের ক্ষেত্রে অন্তত ১০ শতাংশ বাড়তি শুল্ক এখনো কার্যকর রয়েছে।

